রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা-প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে একই মালিকগোষ্ঠীর দুটি দৈনিক পত্রিকায় বিদ্বেষপ্রসূত অশালীন প্রতিবেদন প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের ২৬ জন বিশিষ্ট ব্যক্তি।একই সঙ্গে ওই ২৬ জন বিশিষ্ট ব্যক্তি সাংবাদিকতার নামে দায়িত্বহীন ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। সব জাতীয় দৈনিকের সম্পাদকদের কাছেও অনুরোধ জানিয়েছেন তাদের বিরুদ্ধে পেশাগত ব্যবস্থা নেওয়ার, যারা উদ্দেশ্যপ্রণোদিত কু ৎ সা প্রচারের মাধ্যমে সাংবাদিকতার মহান পেশাকে কলঙ্কিত করছে।গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে ওই ২৬ জন বিশিষ্ট ব্যক্তি বলেন, পত্রিকা দুটি এমন একসময় এসব প্রতিবেদন প্রকাশ করছে, যখন সরকার উচ্চতর আদালতের নির্দেশে ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী এলাকায় অনুমোদনহীন ও অবৈধ হাউজিং কোম্পানির বিলবোর্ড-সাইনবোর্ড অপসারণ শুরু করেছে। আদালতের যেসব মামলার রায় ও নির্দেশনা অনুসরণে সরকার তথা রাজউক অবৈধ হাউজিং প্রকল্পগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে, সেসব মামলার অন্যতম প্রধান বাদী হিসেবে বেলা ও এর প্রধান নির্বাহী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেশ-বিদেশে সুখ্যাতি অর্জন করেছেন।বিবৃতিতে বলা হয়, ‘একই মালিকগোষ্ঠীর নিয়ন্ত্রিত যে দুটি দৈনিকে রিজওয়ানা হাসানের বিরুদ্ধে ধারাবাহিক বিষোদ্গার চালানো হচ্ছে, ব্যক্তিবিশেষের বিরুদ্ধে এ ধরনের কু ৎ সা রটানোয় তাদের বিরুদ্ধে প্রেস কাউন্সিলে মামলা হয় এবং তারা দোষী সাব্যস্ত হয়। পত্রিকা দুটির মালিকদের হাউজিং কোম্পানির স্বার্থ রক্ষার জন্যই বেলা, রিজওয়ানা হাসান এবং অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান, যারা পরিবেশ ও দেশের সাধারণ নাগরিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে, তাদের চরিত্র হননের জন্য তারা আদাজল খেয়ে মাঠে নেমেছে।’ বিবৃতিতে সই করেছেন: ডা. জাফরুল্লাহ চৌধুরী, ড. হামিদা হোসেন, খুশী কবির, নিজেরা করি; ড. আবুল বারকাত, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; সারা হোসেন, ব্লাস্ট; লুবনা মরিয়ম, নৃত্যশিল্পী; আবুল হাসিব খান, রিক; ড. মুহম্মদ ইব্রাহিম, এনজিও ফেডারেশন; শামসুল হুদা, এএলআরডি; ড. মেঘনা গুহঠাকুরতা, রিব; রওশন জাহান, সমাজ সংগঠক; জাহিন আহমেদ, এফআইডিবি; জাকির হোসেন, ব্যুরো বাংলাদেশ; সৈয়দ মনজুরুল ইসলাম, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; সুলতানা কামাল, আইন ও সালিশ কেন্দ্র; রাশেদা কে চৌধুরী, গণসাক্ষরতা অভিযান; আমেনা মহসিন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; শাহীন আনাম, মানুষের জন্য ফাউন্ডেশন; বদিউল আলম মজুমদার, সুজন; শিরীন হক, নারী সংগঠক; ফারাহ কবির, অ্যাকশনএইড; ড. আতিক রহমান, বিসিএস; রাশেদ আল মাহমুদ, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়; মাহবুবুর রহমান, চারুশিল্পী; আবু নাসের খান, পবা ও ড. আবদুল মতিন, বাপা।