বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের অপহূত ব্যবসায়ী স্বামী আবু বকর সিদ্দিককে দ্রুত খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। এ ছাড়া আবু বকর সিদ্দিককে উদ্ধারে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, অপহূত ব্যবসায়ীকে উদ্ধার এবং ঘটনার রহস্য উদঘাটনে জেলা পুলিশের পক্ষ থেকে ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান ও সদস্যসচিব অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।
এ ঘটনায় সন্ধ্যা সাতটার দিকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, অপহরণের ঘটনায় সৈয়দা রিজওয়ানা হাসান বাদী হয়ে তাঁর থানায় মামলা করেছেন।
এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘দুপুরে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী টেলিফোনে আমাকে জানান, নারায়ণগঞ্জে অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানার একজন উচ্চপদস্থ কর্মকর্তা অপহূত হয়েছেন। তিনি পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টা জানার পরই আমি পুলিশের মহাপরিদর্শক (আইজি), র্যাবের মহাপরিচালক (ডিজি) ও পুলিশের বিশেষ শাখার প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। কেন এসব ঘটনা বাড়ছে, তা-ও তাঁদের কাছে জানতে চেয়েছি।’
আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে ভূঁইয়া ফিলিং স্টেশনের সামনে থেকে অস্ত্রের মুখে দুর্বৃত্তরা আবু বকর সিদ্দিককে তুলে নিয়ে যায়।
এদিকে রাত ১০টা পাঁচ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মাহমুদ উপস্থিত সাংবাদিকদের জানান, তাঁরা কিছুক্ষণ আগে আবু বক্কর সিদ্দিককে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পেয়েছেন। তিনি জানান, র্যাবসহ সরকারের অন্যান্য আইনশৃৃঙ্খলা বাহিনী যৌথভাবে অপহূতকে উদ্ধারে কাজ করছে।
তারেক সাঈদ আরও জানান, ‘আমরা অপহূতের আত্মীয়-স্বজনদের সঙ্গেও কথা বলব, তাদের কাছ থেকে কোন তথ্য পাওয়া যায় কি না। ইতিমধ্যে আমরা অপহূত আবু বক্কর সিদ্দিকের গাড়ির চালক রিপনের সঙ্গেও কথা বলেছি।’