রিজওয়ানার স্বামীকে ২৪ ঘণ্টার মধ্যে ফেরত চান আইনজীবীরা
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিককে ২৪ ঘণ্টার মধ্যে সুস্থভাবে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার বেলা একটার দিকে সুপ্রিম কোর্ট ভবনের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে আইনজীবীদের পক্ষ থেকে ওই দাবি জানানো হয়। আইনজীবী জেড আই খান পান্না ও শাহদীন মালিকের উদ্যোগে অনুষ্ঠিত ওই মানববন্ধনে একাত্মতা জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
মানববন্ধনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন জানান, আগামী রোববারের মধ্যে আবু বকর সিদ্দিককে তাঁর পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দিতে হবে। না হলে আইনজীবীরা একাত্ম হয়ে আন্দোলন করবেন।
মানববন্ধনে আইনজীবী জেড আই খান পান্না জানান, রিজওয়ানার স্বামীকে সুস্থভাবে ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। রোববার দেশের প্রতিটি বারে আইনজীবীরা মানববন্ধন কর্মসূচি পালন করবেন।
আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘দোষারোপের রাজনীতি বাদ দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন।’ রিজওয়ানার স্বামীকে সুস্থভাবে ফেরত না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে তিনি জানান। পরে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন মানববন্ধনে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন।
মানববন্ধনে সমিতির সাবেক সভাপতি জয়নুল আবদিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আইনজীবী রফিকুল ইসলাম মিয়া, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরউল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।