
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামী আবুবকর সিদ্দিককে ২৪ ঘণ্টার মধ্যে সুস্থভাবে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। গত বৃহস্পতিবার বেলা একটার দিকে সুপ্রিম কোর্ট ভবনের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে আইনজীবীদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
আইনজীবী জেড আই খান পান্না ও শাহদীন মালিকের উদ্যোগে অনুষ্ঠিত ওই মানববন্ধনে একাত্মতা জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
মানববন্ধনে জেড আই খান পান্না বলেন, রিজওয়ানার স্বামীকে সুস্থভাবে ২৪ ঘণ্টার মধ্যে ফিরিয়ে না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। রোববার দেশের প্রতিটি আইনজীবী সমিতিতে মানববন্ধন কর্মসূচি পালন করবেন আইনজীবীরা।
শাহদীন মালিক বলেন, ‘দোষারোপের রাজনীতি বাদ দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করেন।’ রিজওয়ানার স্বামীকে সুস্থভাবে ফেরত না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তিনি জানান।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বলেন, আগামী রোববারের মধ্যে আবুবকর সিদ্দিককে তাঁর পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দিতে হবে। না হলে আইনজীবীরা একাত্ম হয়ে আন্দোলন শুরু করবেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদিন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আইনজীবী রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।