রিজভী ও জাহিদ জামিনে মুক্ত
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জাহিদ হোসেন জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রিজভী এবং দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জাহিদ মুক্তি পান। জাহিদ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশেরও (ড্যাব) সভাপতি।গাজীপুর প্রতিনিধি জানান, বিকেল সাড়ে তিনটার দিকে কাশিমপুরে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে রিজভীকে মুক্তি দেওয়া হয়। ওই কারাগারের কারাধ্যক্ষ মো. নেছার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।গাড়ি পোড়ানো, ভাঙচুর ও মারামারির ঘটনায় রাজধানীর পল্টন থানায় করা তিনটি মামলায় গত ১১ মার্চ গ্রেপ্তার হন রিজভী। ১৪ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়। সর্বশেষ মামলায় গত বৃহস্পতিবার আদালত তাঁকে জামিন দেন।মুক্তি পাওয়ার পর রিজভী বলেন, ‘মানুষের গণতান্ত্রিক অধিকার এখন দমন করা হচ্ছে নিষ্ঠুরভাবে। গণতন্ত্রের সংগ্রামে কর্মীদের যেভাবে হত্যা করা হয়েছে, তা নজিরবিহীন।’এদিকে বেলা সোয়া একটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান জাহিদ হোসেন। কারাগারের ফটকে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান ড্যাবের চিকিৎসকেরা। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন। বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এসব তথ্য নিশ্চিত করেছেন।১১ মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের সময় অন্য কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জাহিদ হোসেনকেও গ্রেপ্তার করা হয়। ২৪ মার্চ রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। কয়েক দিন পর তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।