রিজভী ও দুদুর রিমান্ড এবং জামিনের আবেদন নাকচ
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা পৃথক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদুর রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম এমদাদুল হক এ আদেশ দেন।
রিজভী ও শামসুজ্জামানকে তিন কার্যদিবসের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবাদ করতে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। রাজধানীর পল্টন থানায় করা পৃথক তিন মামলায় রিজভীকে ২৭ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। দুই মামলায় ১০ দিন করে ও এক মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। একই থানায় করা পৃথক ছয় মামলায় শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে মোট ৬০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, ঘটনার দীর্ঘদিন পর এ দুজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। পুলিশ রিমান্ডের আবেদনে এমন কোনো তথ্য উপস্থাপন করতে পারেনি, আদালত যার ভিত্তিতে রিমান্ডের বিষয় বিবেচনা করতে পারেন। শুধু হয়রানির উদ্দেশ্যেই এ আবেদন করা হয়েছে। তাই রিমান্ডের আবেদন নাকচ করে আদালত জামিনের আবেদন মঞ্জুর করতে পারেন।
রাষ্ট্রপক্ষ বলে, মামলাগুলোর সুষ্ঠু তদন্তের প্রয়োজনেই রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেন। একই সঙ্গে তিন কার্যদিবসের মধ্যে কারাফটকে তাঁদের জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।