রিজভী গ্রেপ্তারের পর আত্মগোপনে অন্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের পর দলের কেন্দ্রীয় অন্য নেতারা আত্মগোপন করেছেন। গতকাল শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয় ছিল নেতাশূন্য।

গতকাল ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে রুহুল কবির রিজভী ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য বেলাল আহমেদকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ কার্যালয়ের বিভিন্ন কক্ষ ভাঙচুর করেছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
রিজভীকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁকে গতকাল বিকেলে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান রিমান্ড আবেদনের ওপর শুনানির জন্য ৪ ডিসেম্বর দিন ধার্য করেন এবং রিজভীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রিজভীর মুক্তির দাবিতে তাঁর নিজ জেলা কুড়িগ্রামে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।

এদিকে রিজভীর গ্রেপ্তারের পর বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা আত্মগোপন করেছেন। এমনকি টেলিভিশনে চেহারা দেখাতে উন্মুখ বিএনপির নেতাদেরও গতকাল গণমাধ্যম কর্মীরা খুঁজে পাননি। বেশির ভাগ নেতার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রকাশ্যে আসছেন না।

এত দিন কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করে রুহুল কবির রিজভী প্রতিদিন গণমাধ্যমের কাছে বক্তব্য তুলে ধরতেন। সর্বশেষ শুক্রবার রাত ১০টায় সংবাদ সম্মেলন করে তিনি নতুন করে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। এর ছয় ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে রিজভী গত ৯ নভেম্বর থেকে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছিলেন।

গতকাল বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে আরেক যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

মুখপাত্র হিসেবে নতুন দায়িত্ব পাওয়া সালাহ উদ্দিন আহমদও আত্মগোপনে থেকে গণমাধ্যমে বক্তব্য-বিবৃতি দিচ্ছেন। তিনি গতকাল সকালে দুটি বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিককে গুলশানের একটি বাসায় ডেকে নিয়ে বক্তব্য দেন। এ সময় রিজভীকে গ্রেপ্তার ও দলীয় কার্যালয়ে ঢুকে পুলিশের ‘তাণ্ডবের’ নিন্দা জানান। এ ছাড়া আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গে টেলিফোনে বক্তব্য দেন। দুপুরের পরপর তাঁর গুলশানের বাসায় পুলিশ অভিযান চালালে সালাহ উদ্দিন আহমদকে আর ফোনেও পাওয়া যায়নি।

কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ: অভিযানের প্রত্যক্ষদর্শী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক কর্মচারী বলেন, ভোর চারটার কিছু আগে ডিবির সদস্যরা মই বেয়ে বিএনপির কার্যালয়ের দোতলার বারান্দায় ওঠেন। সেখানে কলাপসিবল গেটের তালা কেটে তাঁরা ভেতরে ঢুকে কার্যালয়ের বিভিন্ন কক্ষ ভাঙচুর করেন। দোতলার একটি কক্ষে ছিলেন দুটি বেসরকারি টেলিভিশনের দুজন সাংবাদিক। তাঁদের ওপর ডিবি পুলিশ প্রথমে চড়াও হলেও পরে পরিচয় পেয়ে ছেড়ে দেয়। পুলিশ দোতলায় বিএনপির চেয়ারপারসনের জন্য নির্ধারিত কক্ষের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাব তছনছ করেন। এরপর রিজভী ও বেলালকে ধরে নিয়ে চলে যান ডিবির সদস্যরা।

এ ছাড়া রিজভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তা ক্যামেরায় ধারণ করতে গেলে পুলিশ সময় টেলিভিশনের সাংবাদিকদের বাধা দেয়। তখন টেলিভিশনের ক্যামেরাও ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, পুলিশ জলদস্যুর মতো বিএনপির কার্যালয়ে প্রবেশ করেছে। সেখানে তারা ব্যাপক ভাঙচুর করেছে। রুহুল কবির রিজভীকে চোখ বেঁধে আটক করে নিয়ে গেছে। এ সময় কার্যালয়ে দুজন সাংবাদিককে বেঁধে লাঞ্ছিত করেছে পুলিশ।

গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দেখা যায়, দ্বিতীয় তলার সামনের অংশের বারান্দার একটি দরজার তালা কাটা। দ্বিতীয় তলায় বিএনপির চেয়ারপারসনের কক্ষের দরজা কিছুটা ভাঙা। তৃতীয় তলায় একটি কাচের দরজা ভাঙচুর করা হয়েছে। সেখানে দাপ্তরিক কাজের টেবিলটি তছনছ করা। রিজভী যে কক্ষে ঘুমাতেন, সেটিও লন্ডভন্ড হয়ে আছে। এ ছাড়া দাপ্তরিক কাজে ব্যবহূত দুটি কম্পিউটারের সিপিইউ পুলিশ নিয়ে গেছে বলে কার্যালয়ের কর্মচারীরা অভিযোগ করেন। এদিকে রিজভীকে গ্রেপ্তার ও বিএনপির কার্যালয়ে ভাঙচুরের নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।