রিজভী ফের রিমান্ডে, ফখরুলসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৫ জুন
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
শেরেবাংলা নগর থানার পুলিশ রিজভীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং রিজভীর জামিনের আবেদন নাকচ করেন। এ নিয়ে তাঁকে কয়েক দফা রিমান্ডে নেওয়া হলো।
এদিকে বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ১৫ জুন শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল।
২০১৩ সালের ২ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মগবাজার পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল। মিছিল যাওয়ার পথে বেইলি রোডে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা থানার পুলিশ মির্জা ফখরুলসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করে। ডিবি পুলিশ গত বছরের ৪ আগস্ট অভিযোগপত্র আদালতে জমা দেয়।
অভিযোগপত্রে মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, আবদুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন, সাইফুল ইসলাম, হাবিব-উন নবী খান, বরকত উল্লা বুলুসহ ৪১ জনের নাম রয়েছে।