রিজভী-হান্নান-বেলালকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদের রিমান্ড ও জামিন আবেদন বাতিল করেছেন আদালত। একই সঙ্গে ১০ কার্যদিবসের মধ্যে তাঁদের কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ আদেশ দিয়ে তাঁদের কারাগারে পাঠাতে নির্দেশ দেন।

মতিঝিল থানার পৃথক তিনটি মামলায় রিজভীকে ১০ দিন করে ৩০ দিনের, হান্নান শাহকে দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের ও একটি মামলায় হেলালকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়।

আদালতে এই রিমান্ড আবেদনের বিরোধিতা করে তাঁদের পক্ষে জামিনের আবেদন করেন সানাউল্লাহ মিয়া, মহসীন মিয়া, খুরশীদ আলম মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, গোলাম মোস্তফা খান, মনিরুজ্জামান, বোরহানউদ্দীনসহ ৫০ জন আইনজীবী।

গত ২৫ নভেম্বর রাজধানীর গুলশান এলাকায় জাপান দূতাবাসের সামনে থেকে হান্নান শাহকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। আর ৩০ নভেম্বর রুহুল কবির রিজভী ও হেলালকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।