রিজভীকে গ্রেপ্তার করল র্যাব ফখরুল ডিবিতে
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে শুক্রবার দিবাগত গভীর রাতে বারিধারার একটি বাসা থেকে র্যাব সদস্যরা গ্রেপ্তার করেছেন। এরপর গতকাল শনিবার তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, রিজভীকে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। আজ রোববার আদালতে পাঠানো হবে।
এদিকে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গতকাল কাশিমপুর কারাগার থেকে ঢাকায় আনা হয়েছে। তাঁকেও মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
অবরোধ শুরুর পর থেকেই অজ্ঞাত স্থান থেকে বিবৃতি দিয়ে আসছিলেন রুহুল কবির রিজভী। সর্বশেষ শুক্রবার বিকেলে তিনি দলের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে অবরোধের পাশাপাশি সারা দেশে টানা তিন দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন। এই ঘোষণার ১০ ঘণ্টার মধ্যে র্যা ব সদস্যরা তাঁর অবস্থান চিহ্নিত করে তাঁকে আটক করেন।
র্যাবের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত পৌনে তিনটার দিকে রিজভীকে বারিধারার পার্ক রোডের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল বিকেল চারটার দিকে তাঁকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়। পরে ডিবিতে পাঠানো হয়। বাড্ডা থানার ওসি এম এ জলিল প্রথম আলোকে বলেন, জমির উদ্দিন নামের এক ব্যক্তির দায়ের করা মামলায় রিজভীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ২৮ জনকে আসামি করে মামলা হয়, এ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিবও আছেন।
এর আগে গত ৩ জানুয়ারি রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ হয়ে পড়লে পুলিশ তুলে নিয়ে রিজভীকে হাসপাতালে ভর্তি করে দেয়। চার দিনের মাথায় তিনি সেখান থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান। এর পর থেকে তিনি অজ্ঞাত স্থানে ছিলেন।
গাজীপুর প্রতিনিধির পাঠানো খবর অনুযায়ী, কাশিমপুরস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার-২-এর জ্যেষ্ঠ সুপার জাহাঙ্গীর কবির প্রথম আলোকে জানান, গতকাল সকাল ১০টার দিকে পল্টন থানার উপপরিদর্শক (এসআই) এনায়েত করিমের নেতৃত্বে এক দল পুলিশ কাশিমপুর কারাগারে যান। প্রয়োজনীয় কাগজপত্র তদারকি শেষে মির্জা ফখরুলকে তাঁদের কাছে হস্তান্তর করা হয়।
জানতে চাইলে এনায়েত করিম প্রথম আলোকে বলেন, গত ২৯ ডিসেম্বর পল্টন মোড়ে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়। তিনি ওই মামলার তদন্ত কর্মকর্তা। মামলার এক নম্বর আসামি মির্জা ফখরুল। প্রায় এক সপ্তাহ আগে ওই মামলায় মির্জা ফখরুলকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়। গত ২৭ জানুয়ারি আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ঢাকায় আনা হয়। নিরাপত্তার স্বার্থে তাঁকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। গত ৭ জানুয়ারি প্রেসক্লাব থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করেছিল পুলিশ।