রিজভীকে হাসপাতালে ভর্তির নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিএনপির নেতা রিজভীর পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদিন ও সগীর হোসেন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

রুহুল কবির রিজভীর আইনজীবী সগীর হোসেন প্রথম আলোকে বলেন, রিজভীকে হাসপাতালে ভর্তির জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বর্তমানে বিএনপির এই নেতা কাশিমপুর কারাগারে আছেন।

গত ৩০ জানুয়ারি রাত পৌনে তিনটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

এর আগে ৩ জানুয়ারি গভীর রাতে ‘অসুস্থ’ রিজভীকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। কয়েক দিন সেখানে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। ৭ জানুয়ারি রাতের কোনো একসময় ওই হাসপাতাল থেকে গোপনে সটকে পড়েন তিনি। এর পর রাজধানীর বিভিন্ন বাসায় সংবাদ সম্মেলন করে ও বিবৃতি পাঠিয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছিলেন এবং কর্মসূচি ঘোষণা করছিলেন বিএনপির এই নেতা।


পরে রিজভীকে গাড়ি পোড়ানোসহ নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।