রিজভীর জামিন আরও চার মামলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় দায়ের করা নাশকতার চারটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে ১৭টি মামলার মধ্যে নয়টিতে জামিন পেলেন রিজভী।
চারটি পৃথক জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন। আদালতে রিজভীর পক্ষে আইনজীবী জয়নুল আবেদীন, মো. সগীর হোসেন ও মো. জহিরুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
রিজভীর আইনজীবীরা জানান, ৫ জানুয়ারির ‘একতরফা’ জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি ঘিরে চলতি বছরের শুরুতে ২০-দলীয় জোট ঘোষিত কর্মসূচির সময় রাজধানীর নানা জায়গায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। এ সময়ে গাড়ি পোড়ানো, অগ্নিসংযোগ ও নাশকতার ১৭টি মামলা হয় রিজভীর বিরুদ্ধে। বিচারিক আদালতে জামিন না পেয়ে এসব মামলায় জামিনের জন্য উচ্চ আদালতে যান রিজভী। প্রথম দফায় পাঁচটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। গতকাল আরও চারটি মামলায় জামিন পেলেন। আরও আটটি মামলা থাকায় এখনই তিনি কারাগার থেকে মুক্ত হতে পারছেন না।
গত ৩১ জানুয়ারি ভোরে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হন রুহুল কবির রিজভী। তিনি বর্তমানে কারাগারে আটক আছেন।