রিজভীর জামিন, তিনজনকে হয়রানি না করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভীর ছয় মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল সোমবার হাইকোর্টের পৃথক দুটি বেঞ্চ তাঁর আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।
আইনজীবীরা জানান, হরতাল-অবরোধে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় শাহবাগ, রমনা ও মতিঝিল থানায় করা চারটি মামলায় রিজভীকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় তিনি জামিনের আবেদন জানান। এ চার মামলায় জামিন পাওয়ায় তাঁর মুক্তিতে আইনগত বাধা নেই।
এদিকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া অন্য মামলায় বিএনপির কারাবন্দী ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, রুহুল কবির রিজভী ও সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারকে গ্রেপ্তার বা হয়রানি না করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গনির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল এ আদেশ দেন।
গ্রেপ্তার বা হয়রান না করার নির্দেশনা চেয়ে তাঁদের পরিবারের সদস্যরা পৃথক রিট আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। বিএনপি নেতাদের আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন, এম বদরুদ্দোজা, রাগিব রউফ চৌধুরী, সাকিব মাহবুব প্রমুখ।
গত বছরের ২৮ নভেম্বর চট্টগ্রাম থেকে গোলাম আকবরকে, ঢাকা থেকে ৩০ নভেম্বর রিজভীকে এবং ৪ ডিসেম্বর সাদেক হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির শামসুল ইসলামের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। চট্টগ্রামের লোহাগাড়া থানার এক মামলায় এ জামিন মঞ্জুর করা হয়।