রিজভীর তিন দিনের রিমান্ড মঞ্জুর
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করেন।
ওই মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন গতকাল বিএনপির নেতা রুহুল কবির রিজভীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, রুহুল কবিরের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনা ও মদদে গত ২৬ জানুয়ারি বাড্ডা থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করা হয়। তাঁর উসকানিমূলক বক্তব্যে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। তাঁর সহযোগীদের বিষয়ে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বারিধারার একটি বাসা থেকে গত শনিবার ভোররাতে রিজভীকে আটক করে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। পরে তাঁকে বাড্ডা থানায় হস্তান্তর করা হয়।