রিজভীর রিমান্ড ও জামিনের আবেদন নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিল থানায় করা নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শামসুল আরেফিন এই আদেশ দেন। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাকে কারা ফটকে রিজভীকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
গতকাল মতিঝিল থানার দুটি মামলায় রিজভীকে ১০ দিন করে মোট ২০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রিজভীর পক্ষে তাঁর আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেন।
চলতি বছরের ৮ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ কর্মসূচি চলাকালে মতিঝিল থানা এলাকায় দুটি গাড়ি পোড়ানো হয়। এ ঘটনায় এ দুটি মামলা করা হয়।