রিজভীর ৫৩ ও মাহমুদুর রহমানের ৫০ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে টানা ৫৩ দিন ধরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। একবারের জন্যও বের হননি তিনি। একইভাবে ৫০ দিন ধরে কারওয়ান বাজারে আমার দেশ কার্যালয়ে আছেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। মাঝে আগাম জামিনের জন্য উচ্চ আদালতে যেতে একবার বের হয়েছিলেন তিনি। জামিন না মেলায় কয়েক ঘণ্টা পর আবার ফিরে আসেন কার্যালয়ে। মাহমুদুর রহমানের ভাষায়, এটি ‘আধা বন্দিদশা’, আর রিজভীর মতে, এটি ‘আধা কারারুদ্ধ’ জীবন। বেলজিয়াম-প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের স্কাইপে কথোপকথন নিয়ে গত ৯ ডিসেম্বর থেকে পরপর কয়েক দিন প্রতিবেদন প্রকাশিত হয় আমার দেশ পত্রিকায়। এর জের ধরে ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করেন বিচারপতি নিজামুল হক। ১৩ ডিসেম্বর মাহমুদুর রহমানসহ পত্রিকার প্রকাশকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে মামলা হয়। ওই দিন থেকেই গ্রেপ্তারের আশঙ্কায় আমার দেশ কার্যালয়ে আছেন মাহমুদুর রহমান।প্রথম আলোর সঙ্গে আলাপকালে মাহমুদুর রহমান তাঁর ‘আধা বন্দিদশার’ অভিজ্ঞতাকে দুভাবে মূল্যায়ন করেছেন। একটি হচ্ছে, অনভ্যস্ততার কারণে অফিসে খাওয়া-দাওয়া, গোসল ও রাতে মেঝেতে বিছানা পেতে ঘুমাতে কষ্ট হয়। ঘরের একমাত্র পুরুষ ব্যক্তি হওয়ায় বাসায় থাকা বৃদ্ধ মা আর স্ত্রীর নিঃসঙ্গতায় ব্যথাতুর হন মাহমুদুর রহমান। অন্যটি হলো, দিনমান কার্যালয়ে থাকায় পত্রিকার মেকআপ, গেটআপসহ সম্পাদনার অনেকগুলো অজানা বিষয় রপ্ত করা গেছে। এ ছাড়া নিজের লেখা ‘জেল থেকে জেলে’ বইটির ইংরেজি অনুবাদ করছেন তিনি। মাহমুদুর রহমানের ধারণা, তাঁর আধা বন্দিদশা সহসা কাটছে না। কারণ, গত ৮ জানুয়ারি আদালতে গিয়ে জামিন পাননি। তাই বর্তমান সরকারের মেয়াদের বাকি সময় হয় আমার দেশ কার্যালয়ে, না হয় জেলে কাটানোর মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানান।নিরাপত্তার নিশ্চয়তা পেলে আদালতে যাবেন রিজভী: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গত ১০ ডিসেম্বর থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আছেন। তৃতীয় তলার দপ্তর সম্পাদকের কক্ষের পেছনে ছোট্ট একটি কুঠুরিতেই রিজভীর থাকা-খাওয়া—সবকিছু। এরই মধ্যে তাঁর স্ত্রী আরজুমান্দ আরা বেগম গুরুতর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে সাত দিন চিকিৎসাধীন ছিলেন। মন ছটফট করলেও যেতে পারেননি বলে জানান রিজভী। এ ছাড়া গ্রামের বাড়ি কুড়িগ্রামে মারা যান আপন চাচা। সেখানেও যাওয়া সম্ভব হয়নি।গত ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচির দিন ঢাকা সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে পল্টন থানার একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আসামি করা হয় রিজভীকেও। পরদিন সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার পথে গ্রেপ্তার হন মির্জা ফখরুল। তখন দলীয় কার্যালয়েই ছিলেন রিজভী। সেই থেকে গত ৫৩ দিন আর কার্যালয় থেকে বের হননি।রিজভী জানান, এই একঘেয়ে আধা কারাবন্দিত্ব দিনে দিনে তাঁর মনের ওপর দাগ বসাচ্ছে। আদালতে যাওয়ার পথে আইনগত নিরাপত্তার নিশ্চয়তা পেলে তিনি আগাম জামিনের জন্য উচ্চ আদালতে যাবেন বলেও জানিয়েছেন।পুলিশ চাইলে কি কার্যালয় থেকে গ্রেপ্তার করতে পারে না—এ প্রশ্নের জবাবে রিজভী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ চাইলে অনেক কিছুই তো করতে পারে। তাই বলে আমি জেনেশুনে ধরা দিতে যাব কেন? আমি দলের কাজ করছি, দলের আন্দোলন-সংগ্রামের একটা কৌশলও আছে। ধরা পড়লে তা ব্যাহত হবে।’