রিজভীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কিবর রিজভীসহ নয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রুহুল আমিন মামলাটির অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন। আদালত আগামী ২৩ আগস্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল প্রথম আলোকে বলেন, গতকাল এ মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার জন্য দিন ধার্য ছিল। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া আত্মসমর্পণ করে সংশ্লিষ্ট আদালত থেকে জামিন নেন।
আদালত সূত্র বলেছে, গত বছরের ২৭ জানুয়ারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে পল্লবী থানার পুলিশ এ মামলা করে। পুলিশ তদন্ত শেষে চলতি বছরের ৩ মে রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খানসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে ১০ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে পুলিশ।
এ মামলায় সাতজন জামিনে ছিলেন। গতকাল রফিকুল ইসলাম মিয়া জামিন নেন। আদালত রুহুল কবির রিজভীসহ বাকি নয়জনের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন।