রিজভীসহ ১৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য পিছিয়েছে
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ১৪৭ নেতা-কর্মীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত। গতকাল বুধবার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া এ তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। হরতাল ও অবরোধের জন্য অধিকাংশ নেতা-কর্মী আদালতে হাজির না হওয়ায় তাঁদের পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন ও মো. নুরুজ্জামান সময়ের আবেদন করেন। পরে আদালত ৪ মার্চ দিন ধার্য করেন।
২০১৩ সালের ১১ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন পল্টন থানার পুলিশ দ্রুত বিচার আইনে ১৫৪ জনকে আসামি করে এ মামলা করে। পুলিশ তদন্ত শেষে গত বছরের ২৪ মার্চ ১৪৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২৫ আগস্ট রুহুল কবির রিজভীসহ ১৪৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক জয়নাল আবদিন ফারুক, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।
রিজভীর রিমান্ড মঞ্জুর: এদিকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় গতকাল রিজভীকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। মহানগর হাকিম রেজাউল করিম এ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করেন।
গতকাল বাড্ডা থানার একটি মামলায় তিন দিনের রিমান্ড শেষে রিজভীকে আদালতে হাজির করা হয়। পরে যাত্রাবাড়ী থানার মামলায় ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।