রাজধানীর মিরপুরে বাসে পেট্রলবোমা হামলার অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখায় গতকাল বৃহস্পতিবার এ অভিযোগপত্র দেয় পুলিশ।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী, সাবেক সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন ও যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
এ নিয়ে চলতি মাসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে চারটি মামলায় অভিযোগপত্র দেওয়া হলো।
চলতি বছরের ২৫ জানুয়ারি মিরপুর মডেল থানা এলাকায় ২০-দলীয় জোটের কর্মীরা হরতাল-অবরোধ কর্মসূচি সফল করতে গাড়ি ভাঙচুর ও বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেন।