রিজার্ভ চুরির কেলেঙ্কারি আর টাকা উদ্ধারের চেষ্টায় কেটেছে বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম ওয়ংয়ের ফেরত দেওয়া অর্থের পাশে (বাঁ থেকে) ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ও হেড অব চ্যান্সেরি প্রভাস লামারং, ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের নির্বাহী পরিচালক জুলিয়া বাকাই আবাদ ও সদস্য ইমানুয়েল দুক, কিম ওয়ংয়ের আইনজীবী ইনোসিয়েনসিও ফেরার এবং ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের  ডেপুটি গভর্নর ভিসেন্তে অ্যাকুইনো l ইনকোয়ারার
কিম ওয়ংয়ের ফেরত দেওয়া অর্থের পাশে (বাঁ থেকে) ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব ও হেড অব চ্যান্সেরি প্রভাস লামারং, ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের নির্বাহী পরিচালক জুলিয়া বাকাই আবাদ ও সদস্য ইমানুয়েল দুক, কিম ওয়ংয়ের আইনজীবী ইনোসিয়েনসিও ফেরার এবং ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ভিসেন্তে অ্যাকুইনো l ইনকোয়ারার

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির বছর হয়েই ইতিহাসে টিকে থাকবে ২০১৬। বছরটি ছিল অনেক শান্ত, রাজনৈতিক উত্তাপ ছিল না, প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি, বিশ্ব অর্থনীতির আঁচ লেগেছে সামান্য, টাকা নিয়ে বসে ছিল ব্যাংক, বড়সড় প্রবৃদ্ধির ঘোষণাও দিয়েছে পরিসংখ্যান ব্যুরো। তারপরও রিজার্ভ চুরির ওই এক ঘটনাই বছরটির সব সাফল্য ম্লান করে দিয়েছে।
গত বছরে বিশ্ব অর্থনীতিও খুব একটা ভালো অবস্থায় ছিল না। মন্দা কাটিয়ে উঠতে পারেনি ইউরোপ। যুক্তরাষ্ট্রের অর্থনীতিও শ্লথ। জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় আয় কমেছে মধ্যপ্রাচ্যসহ জ্বালানি তেল রপ্তানিনির্ভর দেশগুলোর। এর প্রভাবে দেশে কমে গেছে প্রবাসীদের পাঠানো আয়। তবে প্রভাব পড়েনি রপ্তানি আয়ে। ফলে লেনদেনের ভারসাম্যে সংকট হয়নি। এটাই ছিল ২০১৬ সালের সবচেয়ে ভালো খবরের একটি।
নিকৃষ্ট বছর
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হিসাব থেকে হ্যাকাররা চুরি করে নিয়ে যায় ১০ কোটি ১০ লাখ ডলার। এর মধ্যে ৮ কোটি ১০ লাখ ডলার যায় ফিলিপাইনে আর ২ কোটি ডলার শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত পাওয়া গেছে। ফিলিপাইন থেকে এখন পর্যন্ত ফেরত পাওয়া গেছে ১ কোটি ৫২ লাখ ডলার। ফেরত পেতে বাকি আরও ৬ কোটি ৫৮ লাখ ডলার।
রিজার্ভ চুরি হয় ৪ ফেব্রুয়ারি রাতে। কিন্তু দেশের মানুষ তা জানতে পারে ২৯ ফেব্রুয়ারি, তা-ও ফিলিপাইনের গণমাধ্যমে সংবাদ প্রকাশ পাওয়ার পর। এমনকি এই ঘটনা জানানো হয়নি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকেও। এই ঘটনার জের ধরে পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান। সরিয়ে দেওয়া হয় দুই ডেপুটি গভর্নরকে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গঠন করা হয় একটি তদন্ত কমিটি। তদন্ত শুরু করে সিআইডি।
এই ঘটনায় আরও একটি দিক উঠে আসে। আর তা হলো অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের টানাপোড়েন। অর্থমন্ত্রীকে না জানানো এবং বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া ছিল সেই টানাপোড়েনেরই প্রকাশ।
রিজার্ভের অর্থ চুরির ঘটনাটি আলোড়ন তোলে ফিলিপাইনেও। সেখানে অনুষ্ঠিত হয় সিনেট কমিটির শুনানি। বাংলাদেশ থেকেও কয়েক দফায় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদল সফর করে দেশটিতে। তবে সম্পূর্ণ অর্থ ফেরত পাওয়ার বিষয়ে এখনো কোনো সুরাহা হয়নি। ফিলিপাইনে চুরির অর্থ প্রথমে জমা হয়েছিল দেশটির মাকাতি শহরে অবস্থিত রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের একটি শাখায়। এরপর অবৈধভাবে বিদেশি মুদ্রা লেনদেনকারী ফিলরেম নামের এক প্রতিষ্ঠানের মাধ্যমে তা চলে যায় তিনটি ক্যাসিনোর কাছে। এই ঘটনার সঙ্গে ব্যাংকটির শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোর সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলেও বছরের শেষ দিকে এসে উল্টো কথা বলছে ব্যাংকটি। রিজাল ব্যাংকের আইনজীবীর দাবি, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই দায়ী রিজার্ভ চুরির জন্য। ফরাসউদ্দিন কমিটির তদন্ত রিপোর্ট বহু আগে হাতে পেয়েও প্রকাশ না করার কারণেই এসব কথা বলার সুযোগ পেয়েছে রিজাল ব্যাংক। এর মধ্যে আবার সিআইডির কর্মকর্তাদের উদ্ধৃত করে বাংলাদেশ ব্যাংক দায়ী বলে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে রিজাল ব্যাংক আরও উৎসাহ পেয়ে যায়। ফলে বছর শেষে এসে অর্থ ফেরত পাওয়া নিয়ে সংশয় বরং আরও বেড়েছে।
খারাপ বছর
বিদায়ী বছরে আরেক দুশ্চিন্তার নাম ছিল প্রবাসী আয়ের নিম্নগতি। আগের বছরেও প্রবাসী আয় কম ছিল। তবে ২০১৬ সালে এসে তা কমেছে অনেক বেশি। এর মধ্যে গত নভেম্বরের প্রবাসী আয় (৯৫ কোটি ডলার) ছিল গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রবাসী আয় কমেছে প্রায় ১৬ শতাংশ।
মূলত তেলের দাম কমে যাওয়ায় মধ্যপ্রাচ্যের অর্থনীতি ধাক্কা খেয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানকারী প্রবাসীদের আয় পাঠানোই সবচেয়ে বেশি কমেছে। এ ছাড়া ব্রেক্সিটের পর ব্রিটিশ পাউন্ডসহ বিভিন্ন মুদ্রার দামও পড়ে গেছে। আবার অবৈধ পথেও প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বেড়েছে অনেক। এসব কারণেই প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ফলে প্রবাসী আয়ের দিক থেকে বিদায়ী বছরটি ছিল খারাপ একটি বছর।
অবনতির বছর
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর আরও অবনতির সাক্ষী ২০১৬। খেলাপি ঋণ বেড়েই চলেছে। বিদায়ী বছরে একই সঙ্গে বেড়েছে ঋণ অবলোপনও। পুনর্গঠনের নামে বড় ঋণখেলাপিদের দেওয়া হয়েছে বিশেষ সুবিধা। করের টাকায় মূলধন দিয়ে টিকিয়ে রাখতে হচ্ছে কেলেঙ্কারি জর্জরিত সরকারি ব্যাংকগুলোকে। আবার ভালো নেই বেসরকারি অনেক ব্যাংকও। এর মধ্যে নতুন প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর পরিস্থিতির অবনতি ঘটায় আলাদা বৈঠক করতে হয়েছে কেন্দ্রীয় ব্যাংককে। ব্যাংক খাতের নজরদারিতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা ছিল ঢিলেঢালা। অনেকগুলো ব্যাংকই চলেছে নিজেদের খেয়ালখুশিমতো। সামগ্রিকভাবেই ২০১৬ সাল ব্যাংক খাতের অবনতির বছর।
মিশ্র বছর
বিদায়ী বছরের প্রথম ছয় মাস ছিল আগের অর্থবছরের অংশ। জানানো হলো, ওই সময়ে মোট দেশজ উৎপাদনে প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ০৫ শতাংশ। তবে ৭ শতাংশের অচলায়তন ভাঙলেও কাটানো যায়নি বিনিয়োগের স্থবিরতা। বিশেষ করে বেসরকারি খাতের বিনিয়োগ একপ্রকার স্থির হয়ে আছে একই জায়গায়। উদ্যোক্তারাও বসে ছিলেন অর্থ নিয়ে। ব্যাংক বসে ছিল বিনিয়োগযোগ্য তহবিল নিয়ে। কিন্তু গ্যাস-বিদ্যুৎসহ অবকাঠামোর অভাবে বিনিয়োগে গতি আসেনি। তারপরও সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর কারণেই ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছিল পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। পরে অবশ্য প্রবৃদ্ধি আরও খানিকটা বাড়িয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে বিবিএস। বলছে আসলে বেড়েছিল বেসরকারি বিনিয়োগ। ফলে বড় প্রবৃদ্ধি নিয়েও খানিকটা সংশয় রয়ে গেছে অনেকর কাছেই।
আবার কাগজে-কলমে বাজারও কিছুটা স্বস্তি দিয়েছে ২০১৬ সালে। সীমার মধ্যে ছিল মূল্যস্ফীতির চাপ। তবে বছরের শেষের দিকে মোটা চাল, আর বছর জুড়ে চিনি ও লবণের দাম খানিকটা স্বস্তি কেড়েও নিয়েছে। শুরুতে রাজস্ব আদায় ভালো না হলেও নতুন অর্থবছর শুরু হওয়ার পর পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। ফলে সামষ্টিক অর্থনীতির দিক থেকে বছরটি ছিল মিশ্র।
ভালো বছর
বিশ্ব অর্থনীতির অব্যাহত মন্দা ও দেশের মধ্যে হলি আর্টিজানের বেদনাদায়ক ঘটনার পরেও রপ্তানি আয় বাড়ছে। যদিও শঙ্কা ছিল অনেক। বিশেষ করে গুলশানে জঙ্গি হামলার ঘটনায় ক্রেতারা বাংলাদেশে আসা একপ্রকার বন্ধই করে দেয়। এতে প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের বাজার হারাতে পারে বলে অনেকেই মনে করেছিলেন। আবার বিশ্বের প্রধান প্রধান মুদ্রার অবমূল্যায়ন হলেও বাংলাদেশের স্থানীয় মুদ্রা টাকা ছিল উল্টো পথে। রপ্তানির প্রবৃদ্ধি টিকিয়ে রাখতে টাকার অবমূল্যায়নে উদ্যোক্তাদের দাবিও আমলে নেয়নি বাংলাদেশ ব্যাংক। তারপরও রপ্তানি কমেনি। এখন পর্যন্ত রপ্তানি আয়ে প্রবৃদ্ধি প্রায় সাড়ে ৬ শতাংশ। ফলে রিজার্ভ থেকে অর্থ চুরি ও প্রবাসী আয় কমলেও রপ্তানি আয়, বিদেশি বিনিয়োগ ও বৈদেশিক ঋণ পাওয়া বেড়ে যাওয়ায় বিরূপ কোনো প্রভাব পারেনি বৈদেশিক মুদ্রার মজুতে। মজুত এখন ৩২ বিলিয়ন ৩ হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।