বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, এ ঘটনার সঙ্গে দেশি-বিদেশি যে-ই জড়িত হন না কেন, তাঁদের আইনের আওতায় আনা হবে।
গতকাল সোমবার সংসদে এ সম্পর্কে সরকারি দলের নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা জানান। সরকারদলীয় সাংসদ মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে রেওয়াজ অনুযায়ী অধিবেশনে গতকালের বৈঠক মুলতবি করা হয়। প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।
অর্থমন্ত্রী আরও জানান, রিজার্ভ চুরির ঘটনায় করা মামলা তদন্তাধীন রয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে চুরি যাওয়া অর্থের যে অংশ শ্রীলঙ্কায় গেছে তার প্রায় পুরোটা (১৯ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলার) যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে জমা হয়েছে। ফিলিপাইনে যাওয়া অর্থ ফেরত আনতে যোগাযোগ অব্যাহত আছে। অভিযুক্ত ব্যক্তিরা এখন পর্যন্ত ৯ দশমিক ৮২২ মিলিয়ন মার্কিন ডলার ফিলিপাইনের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে জমা করেছেন।
এ কে এম শাহজাহান কামালের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় সাবেক গভর্নর মোহাম্মদ ফরাস উদ্দিনের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে ৩০ দিনের মধ্যে প্রাথমিক ও ৭৫ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার অনুরোধ করা হয়। স্পর্শকাতরতা এবং আন্তর্জাতিকতার বিষয় বিবেচনা করে তদন্ত কমিটির প্রতিবেদন এখনো প্রকাশ করা হয়নি। কমিটির চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর তা বিশ্লেষণ করে সমস্যা মোকাবিলায় সরকার পদক্ষেপ গ্রহণ করবে।
অপরাধী শনাক্ত করা সহজ হবে: সিম নিবন্ধন সম্পর্কে তারানা হালিম
বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের ফলে অপরাধীদের সহজে শনাক্ত করা সম্ভব হবে বলে সংসদকে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সিম নিবন্ধন সম্পর্কে সরকারি দলের হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।