রিজার্ভের অর্থ চুরির তদন্তে নজর রাখছে দুদক
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাংলাদেশ ব্যাংকের তদন্তে নজর রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
গতকাল সোমবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইকবাল মাহমুদ। বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির বিষয়ে দুদক অনুসন্ধান করবে কি না, জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, ‘দুদক একটি স্বাধীন কমিশন। যেখানে দুর্নীতি হবে, সেখানেই যাবে।’ গত বৃহস্পতিবার সাবেক জ্যেষ্ঠ সচিব ইকবাল মাহমুদকে দুদকের চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এ এফ এম আমিনুল ইসলামকে কমিশনার নিয়োগ দেয় সরকার। গতকাল দুজন কমিশনে দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব নেওয়ার পর দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলাদাভাবে মতবিনিময় করেন ইকবাল মাহমুদ। নতুন কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম বলেন, সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। তাই দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।