রিজার্ভের টাকা চুরির জন্য দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের যাঁরা জড়িত তাঁদের গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া শুধু গভর্নর আতিউর রহমানের পদত্যাগ যথেষ্ট নয়, এ ঘটনার দায় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকেও পদত্যাগ করতে হবে। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এসব দাবি জানিয়ে মানববন্ধন করে জাতীয় মুক্তি কাউন্সিল।
সংগঠনের নেতারা বলেন, আতিউর রহমানের পদত্যাগই যথেষ্ট নয়। এর দায় সরকারকেও নিতে হবে। এই পদত্যাগের সঙ্গে সঙ্গে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে তাদের গ্রেপ্তার করতে হবে।
গভর্নর কেন এই চুরির ঘটনা এত দিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে জানাননি—এ নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। বক্তারা বলেন, টাকা চুরির ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। এটি যদি ফিলিপাইনের পত্রিকায় প্রকাশিত না হতো, তাহলে সেটি চাপা দেওয়া হতো। এই চুরিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও জড়িত বলে মন্তব্য করা হয় মানববন্ধনে।
মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, কেন্দ্রীয় নেতা মাইকেল চাকমা, ফারুক আহম্মেদ প্রমুখ।