রিজাল ব্যাংকের বিরুদ্ধে মামলা করতে বলল ফিলিপাইন সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ আদায় করতে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে বাংলাদেশকে মামলা করতে বলেছে ওই দেশের সরকার।
ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানিয়েছেন, ওই দেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে চুরি যাওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয়ে তাঁর বৈঠক হয়েছে। ওই বৈঠকে স্বাভাবিক প্রক্রিয়ায় জব্দ করা অর্থের বাইরে বাকি অর্থ উদ্ধারের জন্য রিজাল ব্যাংকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেন ফিলিপাইনের পররাষ্ট্রসচিব।
ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চলতি মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্কফোর্সের (এফএটিএফ) প্ল্যানারি সভায় বাংলাদেশ বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের সহযোগিতা চাইবে।
চুরি যাওয়া টাকা দেশে ফেরত আনতে সরকারের টাস্কফোর্স গত ৩০ মে বৈঠক করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে ওই বৈঠকে এসব বিষয়ে আলোচনার পর ছয়টি সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বলা হয়, চুরির অর্থ দ্রুত উদ্ধারে বাংলাদেশের পক্ষ থেকে আইনজীবী নিয়োগে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় কাজ করবে। এ ছাড়া রিজাল ব্যাংকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক কাজ করবে। এ ব্যাপারে সহযোগিতা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, ফিলিপাইন সরকারের কাছে পারস্পরিক আইনি সহায়তা অনুরোধ-সংক্রান্ত প্রস্তাব পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান বলেন, ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস, অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল, ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে সরকার। ফিলিপাইনের অর্থমন্ত্রীকে চিঠিও দিয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্র জানায়, ইতিমধ্যে ফিলিপাইনের জাংকেট অপারেটর মি. কিমের কাছ থেকে নগদ ১৫ দশমিক ২৫ মিলিয়ন ডলার উদ্ধার করা হয়েছে। এ অর্থ ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছে গচ্ছিত রয়েছে।