রিজাল ব্যাংকের সাবেক ছয় কর্মীর নামে মামলা
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল ব্যাংকিং করপোরেশনের সাবেক ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল (এএমএলসি) এ মামলা করেছে।
ফিলিপাইনের বিচার বিভাগে করা মামলায় ওই ছয় কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচার রোধ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সাবেক ওই কর্মকর্তারা হলেন ট্রেজারার ও রিটেইল ব্যাংকিং গ্রুপের প্রধান রাউল ভিক্টর, ন্যাশনাল সেলস ডিরেক্টর ইসমায়েল রেয়েস, রিজিওনাল সেলস ডিরেক্টর ব্রিগেতে ক্যাপিনা, ডিস্ট্রিক্ট সেলস ডিরেক্টর নেস্তর পিনেদা, কাস্টমার সার্ভিসের প্রধান রোমুয়ালদো আগারাদো ও জ্যেষ্ঠ কাস্টমার রিলেশন অফিসার অ্যাঙ্গেলা রুথ টোরেস।
চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নিউইয়র্ক ফেডে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায়; বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে। শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার ফেরত পাওয়া গেছে বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়। আর ফিলিপাইনে চলে যাওয়া অর্থের মধ্যে ১১ নভেম্বর ১ কোটি ৫২ লাখ ডলার (১২০ কোটি টাকা) ফেরত দিয়েছে ফিলিপাইন। ফিলিপাইনের বাংলাদেশ দূতাবাস নগদ এ অর্থ গ্রহণ করে।