উড্ডয়নের আগে ফ্লাইট বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড্ডয়নের আগে চাকায় ত্রুটি দেখা দেওয়ায় সিঙ্গাপুরগামী রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট বিকল হয়ে পড়ে। এরপর জরুরি ভিত্তিতে ফ্লাইট থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

রিজেন্ট এয়ারওয়েজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্যাক্সিওয়েতে চাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইট আর এক্স ৭৮৪ বিকল হয়ে পড়ে। ঘটনার পর ফ্লাইট থেকে যাত্রীদের বিমানবন্দর টার্মিনালে ফিরিয়ে আনা হয়। একই সংস্থার আরেকটি ফ্লাইটে আজই ওই যাত্রীদের সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বিমানবন্দর সূত্র জানায়, ট্যাক্সিওয়ে থেকে রানওয়েতে যাওয়ার পথে ফ্লাইটটির (আর এক্স ৭৮৪) সামনের দিকের চাকায় স্ফুলিঙ্গ দেখা যায়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের নিজস্ব উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ফ্লাইটটির কাছে ছুটে যান। তাঁরা চাকার ধোঁয়া নিভিয়ে ফেলেন। যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়।

বিমানবন্দর সূত্র জানায়, ঘটনার পর বিমানবন্দরে ৪০ মিনিটের মতো বিমান চলাচল বন্ধ ছিল। পরে ফ্লাইটটিকে টেনে হ্যাঙ্গারে আনা হয়।