রিট আবেদন নিয়মিত বেঞ্চে নিতে বললেন অবকাশকালীন বেঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান (তনু) হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি হাইকোর্টের নিয়মিত বেঞ্চে উপস্থাপন করতে বলেছেন অবকাশকালীন বেঞ্চ।
বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে গতকাল সোমবার এই রিট আবেদনটি উপস্থাপন করা হয়। পরে আদালত আবেদনটি নিয়মিত বেঞ্চে নিয়ে যেতে বলেন।
৩ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূছ আলী আকন্দ। এতে তিনি তনু হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত এবং ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের নির্দেশনা চান। ১২ এপ্রিল আবেদনটি হাইকোর্টের একটি নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় ওঠে। কিন্তু আইনজীবী ইউনূছ আলী আদালতে উপস্থিত না থাকায় সেদিন রিট আবেদনটি তালিকা থেকে বাদ দেওয়া হয়।
এরপর ১৪ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টে অবকাশ শুরু হয়। ২০ এপ্রিল রিট আবেদনটি হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চের কার্যতালিকায় ওঠে। ওই দিনও আবেদনকারী আইনজীবী উপস্থিত না থাকায় মামলাটি তালিকা থেকে বাদ পড়ে। গতকাল সোমবার আবেদনটি আবার তোলা হলে আদালত নিয়মিত বেঞ্চে যেতে বলেন।
অবকাশ শেষে ২ মে থেকে হাইকোর্টের নিয়মিত বেঞ্চের কার্যক্রম শুরু হবে।
স্বরাষ্ট্রসচিব, প্রতিরক্ষাসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), কুমিল্লার পুলিশ সুপার, কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাতজনকে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।
গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনুর লাশ পাওয়া যায়। সিআইডি এ হত্যাকাণ্ডের তদন্ত করছে।