রাজধানীর ধানমন্ডি খেলার মাঠে নির্মাণ বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন শুনতে গতকাল রোববার বিব্রতবোধ করেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চের এক বিচারপতি। আদালত বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দিয়েছেন।
গত ২৮ এপ্রিল হাইকোর্টের অপর একটি দ্বৈত বেঞ্চ এই রিটের শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করে বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেন। পরে রিট আবেদনকারীদের কৌঁসুলি বিষয়টি এই বেঞ্চে উপস্থাপন করলে তা আবেদনপত্র হিসেবে গতকালের কার্যতালিকায় ছিল।
সকালে বিষয়টি উত্থাপিত হলে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম বলেন, অ্যাটর্নি জেনারেল বিদেশে আছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করবেন। প্রস্তুতির জন্য সময় দরকার। আবেদনকারীদের পক্ষে আইনজীবী ইকবাল কবির বলেন, রাষ্ট্রপক্ষ বেলা দুইটা পর্যন্ত সময় চাইবেন বলে এর আগে জানানো হয়েছে। পরে আদালত দুইটায় সময় নির্ধারণ করেন।
বেলা আড়াইটার দিকে আদালত আদেশ দেন। এ সময় আবেদনকারী পক্ষে আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী সারা হোসেন এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল নুসরাত জাহান উপস্থিত ছিলেন।
মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত কারণে এক বিচারপতি বিব্রতবোধ করেছেন। আদালত বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠানোর আদেশ দিয়েছেন।
স্থপতি মোবাশ্বের হোসেন, ইকবাল হাবিব, ফারজানা শাহনাজসহ স্থানীয় ছয় বাসিন্দা ধানমন্ডি আবাসিক এলাকার ৮ নম্বর সড়কসংলগ্ন খেলার মাঠে নির্মাণকাজ প্রসঙ্গে ৯ এপ্রিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে ২১ এপ্রিল রিটটি করেন। এতে বলা হয়, ওই চিঠি ইমারত নির্মাণ আইনের ৩ ধারার সঙ্গে সাংঘর্ষিক।
আবেদনে ওই মাঠে সব ধরনের নির্মাণকাজ বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়ার পাশাপাশি ওই চিঠির কার্যকারিতা স্থগিতের আরজি রয়েছে। এ ছাড়া মাঠের ভেতর চলমান সব ধরনের অবৈধ স্থাপনার নির্মাণকাজ বন্ধে এবং সেখানে থাকা অবৈধ স্থাপনা অপসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।