রিট আবেদনের এক বছর পর তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ঐতিহ্যবাহী ‘আন্ধাসুরা’ বিল অমৎস্যজীবীদের ইজারা দেওয়ার প্রতিবাদে প্রকৃত মৎস্যজীবীরা গত বছর জুন মাসে আদালতে একটি রিট আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে প্রায় নয় মাস পর গত বুধবার নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরেজমিনে বিলটি তদন্ত করেন।
তদন্তের বিষয়ে জানতে চাইলে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম বলেন, আদালত থেকে সরেজমিনে তদন্তে দেখতে বলা হয়েছে বিলটি উন্মুক্ত না বদ্ধ। উন্মুক্ত জলাশয়ের পরিমাপ কী জানতে চাইলে তিনি বলেন, আদালতের তদন্তের বিষয়ে তিনি কথা বলতে পারেন না। বিষয়টি স্থানীয় যেকোনো সহকারী কমিশনারের (ভূমি) কাছ থেকে জেনে নেওয়ার পরামর্শ দেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০ একরের বেশি আয়তনের জলাশয়কে উন্মুক্ত জলাশয় বলা হয়। ‘আন্ধাসুরা’ বিলের আয়তন ২০০ একরেরও বেশি। বিলটি বদ্ধ বলে ইজারা দেওয়া হয়েছে।
নওগাঁ জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের ২০০ একরেরও বেশি এলাকাজুড়ে ‘আন্ধাসুরা’ বিল। শিব নদীর সঙ্গে বাঁধ দিয়ে এই বিলকে আলাদা করা হয়েছে। এই বিলের পানি শুকায় না। বিলের পার্শ্ববর্তী খাগড়া, ভেড়ি দুর্গাপুর, চকদহ, মশিদপুর, ভাঁরশো, চুঁয়াপুর, সুরশুনিয়া, শ্রীকলা, পাকুড়িয়া, রাজেন্দ্রবাটি, বিল উৎরাইল, সগুলিয়া ও রঘুনাথপুর গ্রামের ভূমিহীন মৎস্যজীবীরা এই মাছ ও জলজ উদ্ভিদ আহরণ করে জীবিকা নির্বাহ করে থাকেন। এই মৎস্যজীবীদের একটি সমিতিও রয়েছে যা ১৯৭১ সালে নিবন্ধিত। নাম ‘ভাঁরশো ইউপি মৎস্যজীবী সমবায় সমিতি লি.’।
দেশীয় মাছ, পাখি ও দুর্লভ জলজ উদ্ভিদে সমৃদ্ধ ২০০ একরেরও বেশি আয়তনের বিলটি গত বছরই প্রথম ইজারা দেওয়া হয়। স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ পাশের মহাদেবপুর উপজেলার ‘বিল উৎরাইল মৎস্যজীবী সমবায় সমিতি’র নামে বিলটি ইজারা পান ওই উপজেলার আলতাজ আলী নামের প্রভাবশালী এক ব্যক্তি। গত বছর ফেব্রুয়ারি মাসে বিলটি ইজারা দেওয়ার পর থেকে ১৩টি গ্রামের ভূমিহীন মৎস্যজীবীরা বিলে আর নামতে পারেননি।
এ নিয়ে গত বছর ১২ মে ‘মৎস্যজীবীদের ঘরে খাবার নেই, গবেষকেরা বিপাকে’ শিরোনামে একটি সংবাদ প্রথম আলোয় ছাপা হয়।
ওই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক সাবরিনা নাজ বলেছিলেন, এই বিলের মতো দুর্লভ জলজ উদ্ভিদ আর কোথাও নেই। এই বিলে যে ‘মাখনা’ পাওয়া যায় তা প্রচুর আমিষ এবং ভিটামিনসমৃদ্ধ। ইজারাদার মাছ চাষের প্রয়োজনে এই জলজ উদ্ভিদগুলো ধ্বংস করে ফেলতে পারেন। একই সঙ্গে দেশীয় মাছগুলোও বিলুপ্ত হতে পারে। যা পরিবেশের জন্য হুমকিস্বরূপ।