রিট খারিজ, ইসলাম রাষ্ট্রধর্ম থাকছে
রাষ্ট্রধর্ম ইসলাম চ্যালেঞ্জ করে ২৮ বছর আগে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, এই রিটে আবেদনকারীর আবেদনের এখতিয়ার (লোকাস স্ট্যান্ডি) নেই।
বিচারপতি নাঈমা হায়দার, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী ও জগলুল হায়দার আফ্রিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।
গতকাল রিট আবেদনটির ওপর শুনানির শুরুতেই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বলেন, এটা অনেক আগের মামলা। দুটি রুল হয়েছে। ২০১১ সালে রুল হয়েছে, এরপর দুটি সম্পূরক আবেদনের ওপর রুল হয়েছে। শুনানির জন্য রাষ্ট্রপক্ষের সময় দরকার। এ সময় আদালত বলেন, ‘প্রথমে আমরা আবেদনকারীর আইনজীবীকে শুনব।’
আদালতে রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী সুব্রত চৌধুরী ও জগলুল হায়দার আফ্রিক। আদালত তাঁদের বলেন, ‘আমরা দেখে আসতে বলেছিলাম স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির এই রিটটি করার লোকাস স্ট্যান্ডি আছে কি না?’ জবাবে সুব্রত চৌধুরী বলেন, সংগঠন ছাড়াও প্রত্যেকে আলাদাভাবে রিটে বাদী হয়েছেন।
আদালত বলেন, রিট আবেদনটি ওই সংগঠনের পক্ষে করা হয়েছে। তখন সুব্রত চৌধুরী বলেন, শুনানির সময় বিস্তারিত যুক্তি দেব।
আদালত বলেন, ওই সংগঠনের লোকাস স্ট্যান্ডি নেই। রিট সরাসরি খারিজ।
পরে সুব্রত চৌধুরী সাংবাদিকদের বলেন, পূর্ণাঙ্গ রায় দেখে তাঁরা আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
১৯৮৮ সালে অষ্টম সংশোধনীর মাধ্যমে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে সংযুক্ত করেন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সংবিধানে ২ (ক) অনুচ্ছেদ যুক্ত করে বলা হয়, প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে অন্যান্য ধর্মও প্রজাতন্ত্রে শান্তিতে পালন করা যাবে। তখন স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ কমিটির পক্ষে ওই বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন ১৫ জন বরেণ্য ব্যক্তি। তাঁদের মধ্যে ১০ জন মারা গেছেন। তাঁরা হলেন সাবেক প্রধান বিচারপতি কামালউদ্দিন হোসেন, বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য, বিচারপতি কে এম সোবহান, কবি সুফিয়া কামাল, অধ্যাপক খান সারওয়ার মুরশিদ, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদ, অধ্যাপক কবীর চৌধুরী, শিল্পী কলিম শরাফী, অধ্যাপক মোশাররফ হোসেন ও সাংবাদিক ফয়েজ আহমদ।
আবেদনকারীদের মধ্যে এখন জীবিত আছেন পাঁচজন। তাঁরা হলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সেক্টর কমান্ডার সি আর দত্ত, লেখক বদরুদ্দীন উমর, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও অধ্যাপক আনিসুজ্জামান। এর মধ্যে বদরুদ্দীন উমর গত রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেছেন, রিট আবেদনটির সঙ্গে এখন তাঁর আর কোনো সম্পর্ক নেই।
রিট আবেদনের ২৩ বছর পর ২০১১ সালের ৮ জুন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল দেন। ওই দিনই অ্যামিকাস কিউরি (আদালতের সহায়তাকারী) হিসেবে ১৪ জন জ্যেষ্ঠ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে দুজন ড. এম জহির ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম মারা গেছেন। বাকি ১২ জন হলেন টি এইচ খান, ড. কামাল হোসেন, রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, এ এফ হাসান আরিফ, রোকনউদ্দিন মাহমুদ, আখতার ইমাম, ফিদা এম কামাল, আজমালুল হোসেন কিউসি, আবদুল মতিন খসরু, ইউসুফ হোসেন হুমায়ুন ও আ ফ ম মেজবাহ উদ্দিন।
ওই রুল জারির প্রায় পাঁচ বছর পর চলতি বছরের ৮ মার্চ এই রুল শুনানির জন্য আদালতে ওঠে। ওই দিন আদালত অ্যামিকাস কিউরি নিয়োগের আদেশটি প্রত্যাহার করেন। গতকাল রিটটি সরাসরি খারিজ করে দেন আদালত।