
রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার পক্ষে উচ্চ আদালতের রায় না এলে দেশ অচল ও ‘আগুন জ্বালিয়ে’ দেওয়ার হুমকি দিয়েছে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম।
সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামের অন্তর্ভুক্তির বিধান চ্যালেঞ্জ করে ২৮ বছর আগে করা এক রিট আবেদনের ভিত্তিতে দেওয়া রুল নিয়ে শুনানি শুরুর দুই দিন আগে গতকাল শুক্রবার ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করে এই হুমকি দেয় হেফাজত।
ঢাকায় সমাবেশ থেকে হেফাজত নেতারা রিট আবেদনটি ২৭ মার্চ শুনানির দিনই বাতিল করার দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করলে সারা দেশে মুসলমানরা আগুন জ্বালিয়ে দেবে। এর বিরুদ্ধে কেউ রায় দিতে পারে না।
চট্টগ্রামের বিক্ষোভ সমাবেশে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হলে বুকের রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে।
‘রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে’ গতকাল শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে হেফাজত। এতে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরের আহ্বায়ক নূর হোসাইন কাসেমী বলেন, ‘বিচারকদের বলব, মেহেরবানি করে ২৭ তারিখেই এই রিট খারিজ করে দিন। না হলে মুসলমানরা এ জন্য জান-মালের কোরবানি দেবে, জোরদার আন্দোলন গড়ে তুলবে।’
হেফাজতের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসুফী বলেন, ‘সরকারকে বলে দিচ্ছি, যদি রায় মুসলমানদের বিরুদ্ধে যায়, আগেভাগে রাষ্ট্র যদি এর বিরুদ্ধে অবস্থান না নেয়, তাহলে যেদিন রায় হবে, তার পরদিনই দেশের রাস্তাঘাট অচল করে দেওয়া হবে, প্রশাসন সচল থাকবে না।’
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের ঢাকা মহানগরের সদস্যসচিব জুনায়েদ আল হাবীব, ইসলামী ঐক্যজোট (রকিব) চেয়ারম্যান আবদুর রকিব, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান হামিদী প্রমুখ।
একই সময় একই ইস্যুতে খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বায়তুল মোকাররমের উত্তর সড়কে এবং ইসলামী ঐক্যজোট (নেজামী-ফয়জুল্লাহ) পুরান ঢাকার লালবাগে বিক্ষোভ সমাবেশ করে।
চট্টগ্রামে সমাবেশ: গতকাল দুপুরে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহি জামে মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, আগামী রোববার উচ্চ আদালতে কী হয়, তাঁরা সেই অপেক্ষায় আছেন।
জুনায়েদ বাবুনগরীর সভাপতিত্বে সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতা মঈনুদ্দিন রুহি, আজিজুল হক ইসলামাবাদী, মীর ইদ্রিস, মাস্টার আহসান উল্লাহ প্রমুখ। সমাবেশ শেষে মিছিল বের করা হয়, যা জামালখান মোড়ে গিয়ে শেষ হয়।
ময়মনসিংহ ও কিশোরগঞ্জে বিক্ষোভ: ‘রাষ্ট্রধর্ম ইসলামকে সংবিধান থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্রের’ প্রতিবাদে গতকাল জুমার নামাজের পর ময়মনসিংহে বিক্ষোভ মিছিল বের করে ইত্তেফাকুল ওলামা। মিছিলের আগে বড় বাজারের বড় মসজিদের সামনে সমাবেশ করে।
জুমার নামাজের পর কিশোরগঞ্জ শহরে ইমাম-উলামা পরিষদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ হয়।