৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা বাতিল নিয়ে হাইকোর্টে দায়ের করা রিটের নিষ্পত্তির পরই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এ রিট আবেদনের ওপর ৩ অক্টোবর শুনানি হওয়ার কথা। সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সা’দত হুসাইন গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন।সা’দত হুসাইন জানান, এ ব্যাপারে রিট দায়ের করায় ৩ অক্টোবরের আগে ফল প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। আদালতে বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরই ফল প্রকাশ করা হবে। ২৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী চারজন প্রার্থীর নম্বরপত্র দেওয়ার পর প্রথম আলোর সঙ্গে আলাপকালে পিএসসির চেয়ারম্যান এ তথ্য জানান।২৮তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৪৬৫ জন প্রার্থী নম্বরপত্র প্রাপ্তির জন্য কমিশনে দরখাস্ত করেছিলেন। তাঁদের মধ্যে নিঝুম রোকেয়া আহমেদ, মোহাম্মদ মাহমুদুল হাসান, সুকর্ণ আহমেদ ও উম্মে হাবিবাকে গতকাল পিএসসির সচিবালয়ে নম্বরপত্র তুলে দেন সা’দত হুসাইন। অনুষ্ঠানে পিএসসির সদস্য সৈয়দ হাসিনুর রহমান, এহসান শামীম ও পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন উপস্থিত ছিলেন। আবেদনকারী অন্য প্রার্থীদের ২১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতি কর্মদিবসে দুপুর ১২টা থেকে তিনটা পর্যন্ত কমিশনের শেরেবাংলা নগরের নবনির্মিত ভবন থেকে নম্বরপত্র সংগ্রহ করতে হবে।গত ৩০ জুলাই ক্যাডার সার্ভিসে নিয়োগের জন্য ১১০টি কেন্দ্রে ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার প্রশ্নপত্রের ২ নম্বর সেটে ইংরেজি অংশে বেশ কয়েকটি ভুল ছিল। ৫০ হাজার পরীক্ষার্থী একইভাবে ওই সেটে পরীক্ষা দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশ্নপত্রের এ অসংগতি তুলে ধরে ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা বাতিলের দাবিতে ৮ আগস্ট শফিউল ইসলাম মণ্ডলসহ ১৯ জন পরীক্ষার্থী রিটটি দায়ের করেন। এতে সংস্থাপন সচিব, পিএসসির চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক (পিএসসি) ও বিজি প্রেসের নিয়ন্ত্রককে বিবাদী করা হয়। সরকারপক্ষের সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত রিটের শুনানি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ না করতে নির্দেশ দেন। প্রশ্নপত্রে ভুলের ব্যাপারে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, প্রশ্নপত্রের তিনটি সেট ছিল। ২ নম্বর সেটে প্রশ্ন সাজাতে গিয়ে কিছু অসংগতি হয়ে গিয়েছিল। তবে এ জন্য প্রার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেন না। এ বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান বলেন, আদালতকেই বিষয়টি জানানো হবে।