রিট শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টের আদেশে স্থগিত থাকা চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন কয়েকটি মামলা নিয়ে করা রিট আবেদনের চূড়ান্ত শুনানির জন্য বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। হাইকোর্ট বিভাগের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে এসব আবেদন শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে সুপ্রিম কের্টের রেজিস্ট্রার এ কে এম শামসুল ইসলাম গত সোমবার বলেন, চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন ৩১টি মামলার মধ্যে ২৮টি মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত আছে বলে জানানো হয়। প্রধান বিচারপতি এসব মামলার নথি সংগ্রহ করতে নির্দেশ দেন। এতে দেখা যায়, এর মধ্যে আপিল বিভাগে তিনটি ও হাইকোর্টে একটি আবেদন নিষ্পত্তি হয়েছে। অপর ২০টি রিটের মধ্যে ১০টি শুনানির জন্য প্রস্তুত। এই ১০টি রিট শুনানির জন্য বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি। অবকাশ শেষে শুনানি হবে। অপর ১০টি রিট শুনানির জন্য নথি প্রস্তুত করতে বলেছেন। এ ছাড়া তিনটি ক্রিমিনাল মিস ও একটি ক্রিমিনাল রিভিশনের বিষয়ে তথ্য সংগ্রহ চলছে।
১২ আগস্ট প্রথম আলোতে ‘চট্টগ্রামে ২৭ মামলার কার্যক্রম স্থগিত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। সূত্র জানায়, পরদিন প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার তথ্য চেয়ে পাঠালে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে এসব মামলার বিষয়ে তথ্য পাঠানো হয়। তথ্য অনুসারে ২৮টি মামলার কার্যক্রম হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে।