বরিশাল-৫ (সদর) আসনের উপনির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের সুপারিশ করেছে নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশনে আপিল শুনানির রায়ে তথ্য ফাঁসের অভিযোগে বরিশাল রিটার্নিং কর্মকর্তা মীর মো. শাজাহানের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে৷ নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক স্বাক্ষরিত আদেশে ওই তথ্য নিশ্চিত হওয়া গেছে৷
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর-সংবলিত কাগজে ত্রুটি থাকায় বরিশাল সদর আসনের রিটার্নিং কর্মকর্তা মীর মো. শাজাহান স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মোয়াজ্জেম হুসাইনের প্রার্থিতা বাতিল করেন৷ এর বিরুদ্ধে সৈয়দ মোয়াজ্জেম নির্বাচন কমিশনে আপিল করেন৷
নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক স্বাক্ষরিত গত মঙ্গলবারের আপিল শুনানির আদেশে উল্লেখ করা হয়েছে, প্রত্যেক প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র ও কাগজপত্র রিটার্নিং কর্মকর্তার কাছেই থাকবে৷ কিন্তু এ ক্ষেত্রে মনোনয়নপত্র বাছাইকালে দেখা গেছে, বেগম জেবুন্নেছা আফরোজ একটি মুদ্রিত আপত্তি দরখাস্ত রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেছেন, যাতে প্রার্থী সৈয়দ মোয়াজ্জেম হুসাইনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর-সংবলিত বিশেষ ক্রমিকে ত্রুটি রয়েছে৷ প্রার্থী সৈয়দ মোয়াজ্জেমের তথ্য আগেভাগে জেবুন্নেছা আফরোজের কাছে ফাঁস করা না হলে এমনটি হওয়ার কথা নয়৷ তা ছাড়া রিটার্নিং কর্মকর্তা একজন প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করেছেন৷ এর জন্য তাঁকে সংশিষ্ট নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে বহাল না রাখাই সমীচীন৷
বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মীর মো. শাজাহান বলেন, ‘এ রকম কোনো আদেশের কপি আমি হাতে পাইনি৷’