রিটার্নিং কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের প্রার্থিতা প্রত্যাহার নিয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) নূর মোহাম্মদ মজুমদারকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ওই আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া জাতীয় পার্টির প্রার্থী রেজাউল ইসলাম ভূঁইয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসি এই সিদ্ধান্ত নেয়।

ইসি সচিবালয় সূত্র জানায়, এ বিষয়ে আজ বুধবার কমিশন থেকে সংস্থাপন মন্ত্রণালয়ে নির্দেশনা পাঠানো হবে। জানা যায়, এর আগে ১৭ ডিসেম্বর কমিশন নূর মোহাম্মদকে ২৪ ঘণ্টার সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার জন্য কমিশন সচিবালয়কে নির্দেশ দিয়েছিল। সচিবালয় সেই নোটিশ গতকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে পাঠায়নি। এ নিয়ে গতকাল কমিশনের বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়।

দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল গত ১৩ নভেম্বর। সূত্র জানায়, ওই দিন রিটার্নিং কর্মকর্তা জাপার প্রার্থী রেজাউল ইসলামের মনোনয়নপত্র বৈধ দেখিয়ে আওয়ামী লীগের প্রার্থী র আ ম উবায়দুল মুকতাদির চৌধুরীর মনোনয়নপত্র প্রত্যাহার দেখান। নির্বাচনী সমঝোতার কারণে আওয়ামী লীগ এ আসনটি জাপাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় মুকতাদির চৌধুরীকে প্রার্থিতা প্রত্যাহারের অনুরোধ জানায়। এ বিষয়ে মুকতাদির চৌধুরীর পক্ষে একটি প্রত্যাহার আবেদনও রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জমা পড়ে। কিন্তু পরদিন মুকতাদির চৌধুরী চিঠি দিয়ে রিটার্নিং কর্মকর্তাকে জানান, তাঁর নামে যে প্রত্যাহার আবেদনটি জমা পড়েছে, সেটি তাঁর নয়। এরপর রিটার্নিং কর্মকর্তা আইন লঙ্ঘন করে মুকতাদির চৌধুরীর মনোনয়নপত্র বৈধ দেখিয়ে কমিশনে চিঠি পাঠান এবং রেজাউলের বৈধ মনোনয়নপত্র প্রত্যাহার দেখান।

সূত্র জানায়, গতকাল কমিশনের বৈঠকে রেজাউলের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে। তবে নির্বাচন আইনানুযায়ী প্রার্থী তালিকা চূড়ান্ত করার এখতিয়ার রিটার্নিং কর্মকর্তার। তাই কমিশন রেজাউলের প্রার্থিতা ফেরত দিতে পারছে না। তবে বৈঠকে মত দেওয়া হয়, রেজাউল চাইলে এ বিষয়ে আদালতের শরণাপন্ন হতে পারেন।

এর আগে সোমবার কমিশন হবিগঞ্জের রিটার্নিং কর্মকর্তা মনীন্দ্র কিশোর মজুমদারকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল। হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাহবুব আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন ওই সিদ্ধান্ত নেয়।