রিটার্নিং কর্মকর্তাকে সরানোর দাবি দুই চেয়ারম্যান প্রার্থীর
ভোলা সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তার অপসারণ দাবি করলেন দুই চেয়ারম্যান প্রার্থী। গতকাল রোববার দুপুর ১২টার ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নির্বাচন কমিশনের কাছে এ দাবি জানান, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী আবু নোমান এবং খাদিজা বেগম। লিখিত বক্তব্যে তাঁরা বলেন, ‘আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ইফতিয়ার হাসান তাঁর সন্ত্রাসী বাহিনী দ্বারা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। বিষয়টি রিটার্নিং অফিসারকে জানালে তিনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আমাদের মনোনয়নপত্র প্রত্যাহারের পরামর্শ দেন।’ দক্ষিণ দিঘলদী ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ইফতিয়ার হাসান তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কেন প্রতিপক্ষ প্রার্থীদের হুমকি দেব?’ রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হক আযাদ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে বলেন, কোনো প্রার্থী তাঁদের কাছে লিখিত অভিযোগ করেননি।