রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ আ.লীগ প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী চন্দন কুমার পাল তাঁর বিরুদ্ধে বিষোদ্‌গার ও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগ করেছেন। শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতার ফেসবুক পেজে ওই বক্তব্য ছড়ানো হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার গতকাল সোমবার এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম বলেন, ‘বিষয়টি আমরা পরীক্ষা করে দেখব। এতে ধর্মীয় বা সাম্প্রদায়িক উসকানিমূলক কোনো বক্তব্য থাকলে আমরা বিটিআরসির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির ফেসবুক পেজটি বন্ধ করে দেব।’

অভিযোগ ও জিডি সূত্রে জানা গেছে, শ্রীবরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক ফেরদৌস আলী গত রোববার রাতে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। এতে হিন্দু সম্প্রদায়ের চন্দন কুমারের পরিবর্তে আরেক প্রার্থী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমানকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি তাতে এমন কিছু মন্তব্য করা হয়, যা সাম্প্রদায়িক উসকানিমূলক।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করে ফেরদৌস আলীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।