নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে এস এম আকরামের প্রধান নির্বাচনী এজেন্ট মাহবুবুর রহমান আজ মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তার কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে আকরাম ভোট গ্রহণের দিন শামীম ওসমান ও লিয়াকত হোসেন খোকা নির্বাচনী এলাকায় অবস্থান করে অবাধ বিচরণ এবং সেলিম ওসমানের পক্ষে যাতে প্রভাব বিস্তার করতে না পারে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া নগরের সরকারি মহিলা কলেজ, বিবি মরিয়ম উচ্চবিদ্যালয়, বার একাডেমি হাইস্কুল, দেওভোগ লক্ষ্মীনারায়ণ আখড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ ও নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরার আওতায় আনার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া পত্রের সঙ্গে সম্প্রতি দেওয়া শামীম ওসমানের বক্তব্যের অডিও সিডি সংযুক্ত করা হয়েছে। সেখানে শামীম ওসমান বন্দরের একটি কর্মিসভায় তাঁর অনুগত লোকজনের উদ্দেশে বলেছিলেন, ভোটের দিন তিনি নির্বাচনী এলাকার বাইরে থেকে ২৫ হাজার লোক আনবেন।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ সাংবাদিকদের বলেন, বিষয়গুলো খতিয়ে দেখা হবে।