রিটার্নিং কর্মকর্তার চিঠি নিয়ে ইসি বিব্রত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগ নিয়ে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন নির্বাচন কমিশনকে (ইসি) যে চিঠি দিয়েছেন তাতে কমিশনে অস্বস্তি দেখা দিয়েছে।

কমিশনের অনেকেই মনে করছেন, নির্বাচনী আইনে রিটার্নিং কর্মকর্তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা তিনি প্রয়োগ না করে নিজের দায়িত্ব কমিশনের ওপর চাপানোর চেষ্টা করেছেন। তবে আবদুল বাতেন তাঁর বিরুদ্ধে ওঠা দায় এড়ানোর এই অভিযোগ অস্বীকার করেছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেনের ভোট চাওয়ার অভিযোগের বিষয়ে সম্প্রতি আবদুল বাতেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিংবা প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে নির্বাচন কমিশনকে (ইসি) অনুরোধ জানিয়ে চিঠি দেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হলে রিটার্নিং কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছেনও। এ ক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত ব্যাপারে একজন মন্ত্রীর নাম থাকায় রিটার্নিং কর্মকর্তা হয়তো সেভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না। তাই কমিশনকে চিঠি পাঠিয়েছেন।
নাছিরের ‘নির্বাচনী কৌশল’ ঠিক করতে গত ৩১ মার্চ পেনিনসুলা হোটেলে এক রুদ্ধদ্বার বৈঠক হয়। এতে গৃহায়ণমন্ত্রী ছাড়াও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উপস্থিত ছিলেন।
মন্ত্রী বা প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট বলেই বিষয়টি কমিশনকে জানিয়েছেন তা মানতে নারাজ চট্টগ্রাম সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। তিনি টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে অভিযোগটি পাই। এ ক্ষেত্রে মন্ত্রী জড়িত বলে কমিশনকে জানিয়েছি বিষয়টি তা নয়। এখানে যে ঘটনাটি ঘটেছে তা আমার কাছে স্পষ্ট নয়। তাঁরা প্রকাশ্য প্রচারণায় অংশ নেননি। রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সেখানে প্রার্থী নিজে উপস্থিত ছিলেন না। ফলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না আমি সন্দেহ পোষণ করেছি। পেনিনসুলার বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উপস্থিতির কারণে আচরণবিধির লঙ্ঘন হয়েছে কি না, তা স্পষ্ট নয়। তাই এ নিয়ে নির্বাচন কমিশনের পরামর্শ চেয়েছি। রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি কমিশনও এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে।’
এর আগেও ২৯ মার্চ হালিশহরের একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রামস্থ সন্দ্বীপবাসী’র মতবিনিময় সভায় নাছিরের পক্ষে ভোট চান মোশাররফ হোসেন। ওই সভায় নিজের জন্য ভোট চাওয়ায় নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছিরকে রিটার্নিং কর্মকর্তা সতর্ক করেছেন। তাঁকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।
২৯ মার্চ কমিউনিটি সেন্টারে যে মতবিনিময় সভা হয় সেখানেও মন্ত্রী মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। তখন শুধু প্রার্থীকে সতর্ক হতে বললেও মন্ত্রীর উপস্থিত থাকার বিষয়ে কিছু বলেছেন কি না এ প্রশ্নের উত্তরে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন বলেন, ‘কমিশনকে যা জানানোর জানিয়েছি। এভাবে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না।’
আজ মঙ্গলবার ইসিতে গিয়ে দেখা যায়, ইসির কর্মকর্তারাও এ চিঠিটি নিয়ে বেশ বিব্রত। ইসি সচিবালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘আমি মনে করি রিটার্নিং কর্মকর্তার এ ধরনের চিঠি পাঠানোর কোনো দরকার ছিল না।’
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ আজ দুপুরে প্রথম আলোসহ অন্যান্য গণমাধ্যমকর্মীদের বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার চিঠি আমি দেখিনি। তবে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সম্পূর্ণ ক্ষমতা রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়েছে। তাঁর অধীনে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আচরণবিধি লঙ্ঘন হলে রিটার্নিং কর্মকর্তা জরিমানাসহ অন্যান্য শাস্তি দিতে পারেন। আইনে এ ধরনের বিষয়ে বলা আছে। তাই কমিশনের পক্ষ থেকে আলাদা করে নির্দেশনা দেওয়ার বা ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কমিশনের কাছে আইনের ব্যাখ্যা চাইলে কমিশন তা সরবরাহ করবে।’
কমিশন সচিবালয়ের উপ সচিব সামসুল আলম প্রথম আলোকে বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার চিঠি আইন শাখায় পাঠানো হয়েছে। সেখান থেকেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
হালিশহরের মতবিনিময় সভা ও পেনিনসুলার বৈঠকের অভিযোগের তদন্ত করেন যথাক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নাসির উদ্দিন চৌধুরী ও সহকারী মো. আলাউদ্দীন আল মামুন। দুই কর্মকর্তাই তাঁদের তদন্ত প্রতিবেদন রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেন। প্রথম আলোতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, দুই কর্মকর্তাই প্রথম আলোর কাছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা খুঁজে পাওয়ার বিষয়টি স্বীকারও করেন।
আচরণ বিধিমালায় যা আছে: সিটি করপোরেশন নির্বাচন আচরণবিধিমালা বলা আছে, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চীপ হুইপ এবং সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী বা তাঁদের সমমর্যাদাসম্পন্ন সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনী প্রচারণায় বা নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। এ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা কোনো নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ বা নির্বাচনী কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবেন না। তফসিল ঘোষণার পর সিটি করপোরেশন এলাকায় কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কেউ নির্বাচনী কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, অন্য কোনো সরকারি সুযোগসুবিধা ভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে ব্যবহার করতে পারবেন না।
২০১০ সালের আচরণবিধিতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাঁর পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের জন্য নির্ধারিত তারিখের ২১ দিন আগে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। আচরণবিধির আরেক জায়গায় বলা আছে, অর্থ, অস্ত্র ও পেশি শক্তি অথবা স্থানীয় ক্ষমতার মাধ্যমে নির্বাচন প্রভাবিত করা যাবে না।