সংসদ নির্বাচন সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব থেকে জেলা প্রশাসকদের (ডিসি) সরিয়ে দিতে হবে। প্রশাসনে দলীয়করণের কারণে তাঁদের প্রতি আস্থা রাখা যায় না।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাচন ও নির্বাচন কমিশনবিষয়ক গবেষণা প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে। গতকাল রোববার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘কার্যকর নির্বাচন কমিশন: অগ্রগতি, চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, দলীয়করণের কারণে ডিসিদের ওপর আস্থা রাখা যায় না। এ দায়িত্ব থেকে ডিসিদের সরিয়ে নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব জনবল বসাতে হবে। তিনি আরও বলেন, সরকার নির্বাচন কমিশনকে যে সহায়তা দেয়, তা যথেষ্ট নয়। কমিশনের দৃষ্টিভঙ্গীও ইতিবাচক নয়। কোনো আলোচনা ছাড়াই গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের প্রস্তাব করেছে চুপিসারে।
রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করার মতো জনবল ইসির আছে কি না, জানতে চাইলে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জেলা নির্বাচন কর্মকর্তাদের এ দায়িত্ব দেওয়া যেতে পারে।
তবে জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার জেলা নির্বাচন কর্মকর্তারা ডিসি ও এসপিদের ওপর কতটা কর্তৃত্ব আরোপ করতে পারবেন—এ প্রশ্নে ইফতেখারুজ্জামান বলেন, না পারার কোনো কারণ নেই।
গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শাহজাদা এম আকরাম। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ-সংক্রান্ত আইন নেই। সাংসদদের কেউ অযোগ্য প্রমাণিত হওয়ার পরও তাঁদের সদস্যপদ বাতিলের ক্ষমতা ইসির নেই। সাম্প্রতিক নির্বাচনগুলোতে আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠলেও কমিশন সক্রিয় ভূমিকা রাখতে পারেনি। নবম জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আদালতে ১৯টি মামলা হলেও নিষ্পত্তি হয়েছে মাত্র চারটি।
সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে আচরণবিধি প্রয়োগের অভাব এবং ইসির ক্ষমতা হ্রাসের সুপারিশসহ কিছু বিতর্কিত উদ্যোগের কারণে কমিশনের ওপর জনগণের আস্থা কমেছে বলে প্রতিবেদনে বলা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের সময় নির্ধারণ, প্রচারণায় মন্ত্রী-সাংসদদের প্রভাব রোধ করা, আগামী নির্বাচনে ডিসিদের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, কালোটাকা ও পেশিশক্তি নিয়ন্ত্রণ, সংসদ বহাল রেখে নির্বাচন ইত্যাদি বিষয় মোকাবিলা করা ইসির জন্য কঠিন হবে।
ইসিকে শক্তিশালী করতে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, আইন সংশোধনের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা, নির্বাচনের ফল ঘোষণার পরবর্তী তিন মাস পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের কমিশনের অধীনে রাখা, রাজনৈতিক দলের তৃণমূল কমিটির সুপারিশ অনুযায়ী মনোনয়ন বাধ্যতামূলক করা, আপিলের ছয় মাসের মধ্যে নির্বাচনী বিরোধ নিষ্পত্তি করা এবং সাংসদদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করার সুপারিশ করা হয় প্রতিবেদনে।