কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে রিটার্নিং কর্মকর্তা প্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে ফেলে মনোনয়নপত্র বাতিল করেছেন বলে অভিযোগ করেছেন তিন প্রার্থী। তাঁরা হলেন বিএনপির প্রার্থী কে এম মজিবুল হক, স্বতন্ত্র প্রার্থী কাজী জুন্নন বসরী এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আহসানুল আলম। গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের সময় ওই তিন প্রার্থী প্রকাশ্যে জনাকীর্ণ মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তার সামনেই এ অভিযোগ করেন। এ সময় প্রার্থীরা তাঁর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন।
মনোনয়নপত্র বাতিল করায় ক্ষোভ প্রকাশ করে ওই তিন প্রার্থী বলেন, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষ নিয়ে রিটার্নিং কর্মকর্তা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে ফেলে মনোনয়নপত্র বাতিল করেছেন।
আয়কর রিটার্নের কপি না থাকায় বিএনপির প্রার্থী কে এম মজিবুল হককে, ১ শতাংশ ভোটারের সইয়ে অমিল থাকায় তাঁর ভাই স্বতন্ত্র প্রার্থী কাজী জুন্নন বসরীকে, একই কারণে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব আহসানুল আলমকে এবং কাগজপত্রে ১ শতাংশ ভোটারের আংশিক থাকায় তাঁর বাবা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়।
মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ের সময় বিএনপির প্রার্থী কে এম মজিবুল হক বলেন, ‘আমি সব কাগজপত্র সঠিকভাবে জমা দিয়েছি। আমার কাগজ সরিয়ে ফেলা হয়েছে।’ স্বতন্ত্র প্রার্থী কাজী জুন্নন বসরী বলেন, ‘আমাদের ১ শতাংশ ভোটারের সই সঠিক। সেখানে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে।’
আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আহসানুল আলম বলেন, ‘আপনি (রিটার্নিং কর্মকর্তা) একে একে সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দিচ্ছেন ইচ্ছাকৃতভাবে। একজনকে জেতানোর জন্য এই কাজ করছেন। যে ১০ জনকে নির্ধারণ করেছেন, তাঁরা নির্বাহী হাকিমের সামনে গত শনিবারই বলেছেন, তাঁরা সই করেছেন। এরপরও ছয়জনেরটা বাদ দেওয়া হয়। আমার বাবা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের ১ শতাংশ সইয়ের নথির অর্ধেক ফেলে দেওয়া হয়।’
জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর বলেন, ‘কত জন কত অভিযোগ করবে, এগুলো নিয়ে আমার বলার কী আছে? আমরা তো কারও মুখ বন্ধ করতে পারব না। আমরা বিধিমালা অনুযায়ী কাজ করছি।’