রিটার্নিং কর্মকর্তার মন্তব্যে উন্নয়ন আন্দোলনের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনী মোতায়েনের মতো পরিস্থিতি এখনো এখানে উদ্ভব হয়নি বলে চট্টগ্রাম সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেনের বক্তব্যের সঙ্গে দ্বিমত প্রকাশ করে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন। এতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মনজুর আলম উন্নয়ন আন্দোলনের ব্যানারে নির্বাচন করছেন।
বিবৃতিতে বলা হয়, গতকাল রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন তাঁর কার্যালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেলের বৈঠক শেষে গণমাধ্যমে দেওয়া ব্রিফিংয়ে সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন বিষয়ে মন্তব্যের পাশাপাশি আরও বলেন, পরবর্তীকালে পরিস্থিতি বিবেচনা
করে গোয়েন্দা সংস্থা যে মতামত দেবে, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
বিবৃতিতে বলা হয়, পরিস্থিতির কতটুকু অবনতি হলে কিংবা কী ধরনের পরিস্থিতির উদ্ভব হলে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা দেখা দেবে, সে ব্যাপারে নির্বাচন কমিশনের অবস্থান পরিষ্কার করা উচিত।
এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সদস্যসচিব এস ইউ এম নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সেনাবাহিনী মোতায়েন না হলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে শঙ্কা থেকে যাবে। রিটার্নিং কর্মকর্তার মন্তব্য উদ্বেগজনক। সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব তাঁর। সেনাবাহিনী ছাড়া সেটা কীভাবে সম্ভব?’
তবে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘এ মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আমরা পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি। সাংবাদিকেরা জানতে চেয়েছিলেন, সেনাবাহিনী মোতায়েন হচ্ছে কি না। কিন্তু এই প্রশ্ন অপ্রাসঙ্গিক এবং বিষয়টি নিয়ে আলোচনাও অপ্রাসঙ্গিক। কারণ সেনাবাহিনী মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত হবে ১৯ এপ্রিল।’
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন বিবৃতিতে উল্লেখ করেছে, তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে মন্ত্রী-সাংসদেরা ‘যেকোনো প্রকারে জিততে হবে’ বলে বক্তব্য দিয়েছেন।
গত শনিবার বাংলাবাজার এলাকায় সাবেক হুইপ ও বিএনপির নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে, বায়েজিদ, পোর্ট কলোনি এবং আমবাগানে মেয়র প্রার্থী মনজুর আলমের নির্বাচনী কার্যালয় ভাঙচুরসহ নেতা-কর্মীদের আহত করা, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের অব্যাহতভাবে আচরণবিধি লঙ্ঘনের মতো পরিস্থিতির পরও সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা উপলব্ধি না করা দুর্ভাগ্যজনক।