রিটায়ারমেন্টকেই রিটায়ারমেন্টে পাঠানো উচিত: ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ ইউনূস
মুহাম্মদ ইউনূস

কাজের ক্ষেত্রে বয়সের কোনো সীমা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী প্রথম বাংলাদেশি ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘রিটায়ারমেন্ট (অবসর) বলে কোনো শব্দই থাকা উচিত না। রিটায়ারমেন্টকেই রিটায়ারমেন্টে পাঠানো উচিত।’
রাজধানীর র্যাডিসন হোটেলে আজ শনিবার সামাজিক ব্যবসা দিবসের দিনব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় সমাপনী বক্তব্যে মুহাম্মদ ইউনূস এ কথা বলেছেন। এ সময় তিনি বলেন, ‘সামাজিক ব্যবসার মাধ্যমে আমরা বিশ্বের ১ শতাংশ মানুষের জীবন পরিবর্তন করতে চাই। আমরা যদি সামনের দিকে এক পা অগ্রসর হই, তাহলে হাজার মাইল পাড়ি দেওয়া কোনো সমস্যাই নয়।’
মুহাম্মদ ইউনূস বলেন, ‘নতুন কোনো ধারণা যদি এখান থেকে আসে, তাহলে সেটাই আমাদের জন্য আশ্চর্য বীজ (মিরাকল সিড)। আর এই বীজ মানুষের জীবনে রূপান্তরিত হবে। এটাই আমাদের দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য।’
গ্রামীণ ব্যাংকের এই প্রতিষ্ঠাতা আরও বলেন, ‘আমি ভাগ্যবান। কারণ বাংলাদেশে অনেক অনেক সমস্যা। সমস্যা আছে বলেই তার সমাধানও অনেক বেশি উত্তেজনাপূর্ণ ও আনন্দময়। বিশ্বের যেসব দেশে কোনো সমস্যা নেই, সেসব দেশ একদমই বোরিং।’

কর্মসংস্থানের বিষয়ে বলতে গিয়ে ড. ইউনূস বলেন, ‘কেউ যদি কোনো চাকরি না পায় তাহলে সমাজ তাঁকে ব্যর্থ মনে করে। আমি নিজেই তো নিজের কর্মসংস্থান করতে পারি। চাকরি করতেই হবে, এটা হলো পুরোনো চিন্তাভাবনা। এসব পুরোনো চিন্তাভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’