রিটে আটকে আছে হাসপাতালের নতুন ভবন নির্মাণের কাজ
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ সামাল দিতে ৫০০ শয্যার নতুন একটি ভবনের নির্মাণকাজ শুরু করা হয়েছিল। ২০১০ সালের জুনে বর্ধিত এই ভবনটি হস্তান্তর করার কথা ছিল। কিন্তু নির্মাতাপ্রতিষ্ঠানের রিটের জালে আটকা পড়েছে নির্মাণকাজ। এতে দুর্ভোগ পোহাচ্ছেন দক্ষিণাঞ্চলের হাজারো সাধারণ রোগী।
গত রোববার (১৮ মে) সরেজমিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দেখা গেছে, রোগীরা মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন৷ রোগীর চাপের কারণে কোনো ওয়ার্ডের মেঝেতে পা রাখার জায়গা নেই৷ মহিলা ওয়ার্ডগুলোর অবস্থা সবচেয়ে খারাপ। সার্জারি (পুরুষ) ও অর্থোপেডিকসহ অন্যান্য ওয়ার্ডেরও একই রকম অবস্থা।
হাসপাতালের পরিচালক কামরুল হাসান বলেন, ২০১০ সালে ৫০০ শয্যার বর্ধিত ভবন আমাদের বুঝিয়ে দেওয়ার কথা ছিল। এরপর পাঁচ বছরেও ভবন বুঝে পাওয়া যায়নি৷ বর্তমানে ৫০০ শয্যার এই হাসপাতালে এক হাজার ৪০৫ জন রোগীকে সেবা দিতে হচ্ছে। অথচ এত দিনে একটি শয্যাও বাড়েনি। গণপূর্ত বিভাগের বরিশাল কার্যালয় সূত্র জানায়, হাসপাতালের পূর্ব পাশে ৫০০ শয্যার সাততলা একটি ভবন নির্মাণের উদ্যোগ নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০০৮ সালের ৪ মার্চ ২৫ কোটি টাকা ব্যয়ে ওই ভবন নির্মাণের কার্যাদেশ পায় জে বি আজাদ কনস্ট্রাকশন ও ঢাকা মার্কেন্টাইল করপোরেশন লিমিটেড। এরপর তারা কাজ শুরু করে৷ কিন্তু সময়মতো কাজ না হওয়ায় কর্তৃপক্ষ সাততলার পরিবর্তে পাঁচতলা পর্যন্ত নির্মাণের সিদ্ধান্ত নেয়। নির্মাণব্যয় কমিয়ে ২১ কোটি টাকা ধার্য করা হয়।
গণপূর্ত বিভাগ বরিশালের (মেডিকেল কলেজ হাসপাতাল) উপবিভাগীয় প্রধান সহকারী আবুল হাসান বলেন, কাজে গাফিলতি ও দীর্ঘসূত্রতার অভিযোগে ২০১২ সালের সেপ্টেম্বরে ওই দুই নির্মাতাপ্রতিষ্ঠানকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই মাসের ১১ তারিখ ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়। কামরুল হাসান বলেন, হাসপাতালের বর্ধিত ভবনের নির্মাণ নিয়ে টালবাহানা চলছে। তবে গণপূর্ত বিভাগ জানিয়েছে, উচ্চ আদালতে রিট থাকায় নতুন করে কার্যাদেশ দেওয়া সম্ভব হচ্ছে না।
জেবি আজাদ কনস্ট্রাকশনের ভবন নির্মাণের প্রকল্প প্রকৌশলী ফয়েজ হোসেন বলেন, ‘কাজে কোনো গাফিলতি ছিল না। মাঝে কয়েক মাস কাজ বন্ধ ছিল। মূলত গণপূর্ত বিভাগের কারণেই কাজ থমকে যায়। ২৫ কোটি টাকার কাজ ২১ কোটিতে নামিয়ে আনা হয়। পরবর্তী সময়ে তা কমিয়ে ১৬ কোটি টাকা করা হয়। কার্যাদেশ বাতিলের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে রিট করেছি৷ সর্বশেষ গত ১০ মার্চ চতুর্থ দফায় রিট করা হয়।’ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন বলেন, ‘পাঁচতলা ভবনের প্রায় ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে৷ অবশিষ্ট কাজের জন্য দরপত্র আহ্বান চূড়ান্ত অবস্থায় রয়েছে। এখন আমরা উচ্চ আদালতের দিকে তাকিয়ে আছি।’