হাইকোর্টের আদেশে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের জামায়াত-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী মাহফুজুল আলম প্রার্থিতা ফিরে পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।
হাইকোর্টে মাহফুজুল আলমের পক্ষে আইনজীবী ছিলেন মো. নিজামুল ইসলাম। তিনি মুঠোফোনে প্রথম আলোকে জানান, প্রার্থিতা ফিরে পেতে মাহফুজুল আলম রিট করলে হাইকোর্ট রুল জারি করে মনোনয়নপত্র গ্রহণের আদেশ দেন।
২ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ের সময় হলফনামায় তথ্য গোপনের অভিযোগে মাহফুজের মনোনয়নপত্র বাতিল করেন চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করলে ৬ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ একই অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন।
এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন বলেন, ‘রিটের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি প্রার্থীর পক্ষ থেকে অবহিত করা হয়েছে। আমরা বিষয়টি যাচাই-বাছাই করে দেখছি। নির্বাচন কমিশন এ বিষয়ে কী সিদ্ধান্ত দেয়, তা জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
আদালতের নির্দেশে মাহফুজুল প্রার্থিতা ফিরে পাওয়ায় এই ওয়ার্ডে এখন আর একক প্রার্থী থাকল না।