ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নির্বাচনে তিন সদস্যের প্যানেল মনোনীত করতে সিনেটের বিশেষ সভা ডাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি অব্যাহত রয়েছে। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শুনানি গ্রহণ করেন।
আজ বুধবারও শুনানি হবে। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনে তিন সদস্যের প্যানেল মনোনীত করতে গত ২৯ জুলাই সিনেটের বিশেষ সভা ডাকা হয়। ওই বিশেষ সভার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষকসহ ১৫ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট রিট আবেদন করেন। রিটের ওপর গত ২৪ জুলাই শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ নোটিশের কার্যকারিতা স্থগিত করেন। পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৬ জুলাই হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। আর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। ৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনের জন্য মনোনীত তিন সদস্যের প্যানেলের পরবর্তী কার্যক্রম স্থগিত করে রিট আবেদনটি চার সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আপিল বিভাগ।