লেফটেন্যান্ট কর্নেল তাহেরের গোপন বিচারের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানি ১৩ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানি মুলতবি করেন।অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, রিট আবেদনকারী পক্ষের আইনজীবীর সঙ্গে আলোচনা করে সময় চাওয়া হয়েছে। নথিপত্র পর্যালোচনা ও শুনানির প্রস্তুতির জন্য এই সময় চাওয়া হয়। আদালত আগামী সোমবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এম এ তাহেরের গোপন বিচারের বৈধতা প্রশ্নে তাঁর ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. আনোয়ার হোসেন, তাহেরের স্ত্রী লুৎফা তাহের ও সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন সাজা পাওয়া আরেক ভাই প্রয়াত ফ্লাইট সার্জেন্ট আবু ইউসুফ খানের স্ত্রী ফাতেমা ইউসুফ গত আগস্টে রিট করেন।