রিটের নিষ্পত্তি না হওয়ায় চালু হচ্ছে না বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিটের নিষ্পত্তি না হওয়ায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনের দুই বছর পরেও শুরু করা যায়নি পাঠ কার্যক্রম। বিদ্যালয়টির নাম মধ্য দেউলডাংরা ভূঁইয়া স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের ‘বিদ্যালয়বিহীন এলাকায় ১৫০০ বিদ্যালয় স্থাপন’ প্রকল্পের আওতায় উপজেলার দেউলডাংরা গ্রামে তিন ব্যক্তির দান করা জমিতে ২০১৩-১০১৪ অর্থবছরে ওই বিদ্যালয়ের ভবন নির্মিত হয়। পরে ভবনের জন্য যাবতীয় শিক্ষা উপকরণ দেওয়া হয়। বিদ্যালয়ের একটি ফলকে দেখা যায়, ২০১৪ সালের ২৫ জানুয়ারি স্থানীয় সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খান ভবনটির উদ্বোধন করেন। এরপর প্রেষণে তিনজন শিক্ষককে নিয়োগও দেওয়া হয়। কিন্তু একই গ্রামের বাসিন্দা ও তিন জমিদাতার একজন মো. হাসিম উদ্দিন ভূঁইয়ার স্ত্রী ফাহমিদা ইয়াসমীন নিজেকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক দাবি করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চে ২০১৪ সালের আগস্ট মাসে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানির পর বেঞ্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট বিভাগকে ওই বিদ্যালয়সম্পর্কিত পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। গত বছরের ৫ জানুয়ারি ও চলতি বছরের শুরুতে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে কয়েক শ পৃষ্ঠার নথি সংশ্লিষ্ট অধিদপ্তর ও প্রকল্প পরিচালকের কাছে পাঠানো হয়। পাশাপাশি ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা চাওয়া হয়। কিন্তু এ বিষয়ে গত সোমবার পর্যন্ত কোনো নির্দেশনা না আসায় ওই বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়নি। ফলে গ্রামের কয়েক শ শিক্ষার্থী চরম দুর্ভোগ পোহাচ্ছে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর দেউলডাংরা গ্রামের তিন ভাই মো. শামছুদ্দিন ভূঁইয়া, জালাল উদ্দিন ভূঁইয়া ও হাসিম উদ্দিন ভূঁইয়ার দান করা ৩৩ শতক জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। দুই জমিদাতা শামছুদ্দিন ও জালালের দাবি—বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম দ্রুত শুরু করা হোক। কিন্তু হাসিমের দাবি—তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দিতে হবে। এমন এক প্রেক্ষাপটে ২০১৪ সালের জুলাইয়ে সরকারি অর্থে নির্মিত বিদ্যালয়টির খুব কাছেই একটি টিনের ঘর তৈরি করে একই নাম দিয়ে আরেকটি বিদ্যালয় চালু করার উদ্যোগ নেন হাসিম।
গ্রামের ছয়জন বাসিন্দার ভাষ্য, বগুড়া জেলার বিভিন্ন স্থান থেকে কয়েকজন লোককে শিক্ষক পরিচয় দিয়ে বিদ্যালয়টিতে একদিনের জন্যে পাঠ কার্যক্রম শুরু করা হয়েছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলমের নেতৃত্বে পুলিশের একদল সদস্য অভিযান চালিয়ে ওই বিদ্যালয় বন্ধ করে দেন। এ ঘটনায় হাসিমকে আটক করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনারকলি নাজনীন। মামলাটি বিচারাধীন।
হাসিমকে গ্রেপ্তারের পর তাঁর স্ত্রী ফাহমিদা নিজেকে সরকারি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দাবি করে আদালতে একটি রিট আবেদন করেন।
সম্প্রতি এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনারকলি নাজনীন প্রথম আলোকে বলেন, ‘রিটের নিষ্পত্তি না হওয়ায় বিদ্যালয়টি চালু করা যাচ্ছে না। বিষয়টি এখন প্রাথমিক শিক্ষার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছে। আমাদের কাছে নথি চাওয়া হয়েছে। আমরা তা পাঠিয়ে দিয়েছি। কিন্তু আমাদের কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না।’
এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার বাড়িতে গিয়েও জামিনে থাকা হাসিম উদ্দিন ভূঁইয়া ও তাঁর স্ত্রীকে পাওয়া যায়নি। তাঁরা গ্রামে থাকেন না বলে তাঁর স্বজনেরা জানিয়েছেন।