ঢাকার দোহার পৌরসভার নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদনের নেপথ্যে দুটি কারণ জানা গেছে। এক যুগেরও বেশি সময় ধরে পৌরসভার মেয়র পদে দায়িত্ব পালনকারী দোহার পৌর বিএনপির সভাপতি আবদুর রহিম যুবদলের এক নেতাকে দিয়ে রিট করিয়েছেন বলে অভিযোগ উঠেছে।আরেকটি কারণ হলো, রিটকারী যুবদলের ওই নেতা নিজেই ইউপি চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখেন।অভিযোগ অস্বীকার করে আবদুর রহিম বলেন, কে কোন উদ্দেশ্যে রিট করেছেন, তা তাঁর জানা নেই। তবে যুবদলের নেতা তাঁর ইচ্ছার কথা স্বীকার করেছেন।জটিলতা নিরসনের পর জটিলতা: ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর প্রথমবারের মতো দোহার পৌরসভার নির্বাচন হয়। মেয়র পদে নির্বাচিত হন আবদুর রহিম। কিন্তু উপজেলার রায়পাড়া ও সোতারপাড়া ইউনিয়নের একটি অংশের সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে মামলা হওয়ায় মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি। চলতি বছর ওই সব মামলা নিষ্পত্তি হওয়ার পর গত ১৮ এপ্রিল দোহার পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, ২৫ মে ভোট নেওয়ার কথা ছিল।তফসিল ঘোষণার পর উৎসাহ-উদ্দীপনা নিয়ে মেয়র পদে ১৫ জন, নয়টি সাধারণ কাউন্সিলর পদে ৭৬ জন এবং তিনটি সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দেন। কিন্তু পাঁচ বছরের আয়কর পরিশোধ না করায় ২৮ এপ্রিল মেয়র আবদুর রহিমের মনোনয়ন বাতিল করা হয়। এর বিরুদ্ধে তিনি আপিল করলেও ৪ মে আপিল খারিজ হয়ে যায়। সব শেষে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকেন ৭৪ জন।আবদুর রহিমের আপিলের তিন দিন পর ৭ মে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মাহমুদপুর ইউনিয়নের চর লটাখোলার বাসিন্দা আবদুস সোবহান বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদন করেন। লোকজনকে করের বোঝা থেকে মুক্ত করতে এলাকাটি দোহার পৌরসভার বাইরে রাখার আবেদন জানিয়ে নির্বাচনের ওপর স্থগিতাদেশ চান তিনি। আদালত নির্বাচনের ওপর ৯০ দিনের স্থগিতাদেশ দেন।রিটের বিষয়টি জানতেন না নির্বাচনে অংশগ্রহণকারী ব্যক্তি ও পরিচালনকারী কর্মকর্তারা। ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর শুরু হয় নির্বাচনী প্রচার ও ভোট চাওয়া। আদালতের নির্দেশ অনুযায়ী, ভোট গ্রহণের চার দিন আগে ২১ মে নির্বাচন স্থগিতের নোটিশ টাঙিয়ে দেন রিটার্নিং কর্মকর্তা।আবদুর রহিম ও আবদুস সোবহান দুজনই বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী নাজমুল হুদার সমর্থক বলে পরিচিত।লাভ হলো আবদুর রহিমের: দোহারের একাধিক বাসিন্দা জানান, নির্বাচন স্থগিত হওয়ায় দোহার পৌরবাসী নতুন জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হলেও লাভ হয়েছে মেয়র আবদুর রহিমের। পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত তিনিই মেয়র পদে থাকার সুযোগ পাচ্ছেন।দোহার উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ আলমাছ উদ্দিন বলেন, মনোনয়নপত্র বাছাইয়ের পর্বে বাদ পড়ায় বর্তমান মেয়র ও বিএনপির নেতা আবদুর রহিম পরিকল্পিতভাবে যুবদলের নেতা আবদুস সোবহানকে দিয়ে আদালতে রিট করিয়ে নির্বাচন স্থগিত করার ব্যবস্থা করেছেন। কেননা, আবদুস সোবহান আগে রিট না করে আবদুর রহিমের আপিল খারিজ হওয়ার কিছুদিন পরই রিট করেছেন।এ অভিযোগ অস্বীকার করে মেয়র বলেন, ‘কে কোন উদ্দেশ্যে রিট করেছে, তা আমার জানা নেই।’ এর বেশি কিছু তিনি বলেননি।ইউপি চেয়ারম্যান হতে চান সোবহান: আবদুস সোবহান বলেন, ‘এলাকার জনগণের উন্নয়নের স্বার্থে রিট করেছি। এ ছাড়া ভবিষ্যতে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে। আমার চর লটাখোলা গ্রামের ভোটাররা পৌরসভার পরিবর্তে ইউনিয়নের ভেতরে থাকলে আমার সুবিধা হবে।’মেয়র আবদুর রহিমের নির্দেশে রিট করার অভিযোগ অস্বীকার করে সোবহান বলেন, ‘ওনার (মেয়র) সঙ্গে আমার সম্পর্ক নেই। তবে তাঁর ছেলে রুমুর সঙ্গে ভালো সম্পর্ক আছে।’সোবহানের সঙ্গে দ্বিমত: সোবহানের রিটের সঙ্গে একমত নন চর লটাখোলার অনেক বাসিন্দা। এমনই একজন সৈয়দ আলী মোল্লা বলেন, ‘আমি পৌরসভার সঙ্গে থাকার পক্ষে। পৌরসভা হলে রাস্তাঘাটের উন্নয়ন হবে। বিদ্যুৎসহ অনেক সুযোগ-সুবিধা পাব।’অন্যদের বক্তব্য: স্থগিত নির্বাচনের মেয়র পদপ্রার্থী ও দোহার উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দীন আহমেদ বলেন, ‘মেয়াদোত্তীর্ণ পৌরসভার নির্বাচন বন্ধ করে পরোক্ষভাবে একটি মহলের ষড়যন্ত্রকে সমর্থন করা হয়েছে। প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।’একই ধরনের কথা বলেছেন মেয়র পদপ্রার্থী ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। আরেক মেয়র পদপ্রার্থী ও ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শফিকুল ইসলাম বলেন, ‘আবদুস সোবহান ইউপি চেয়ারম্যান হতে চান। তাই পরিকল্পিতভাবে নির্বাচন স্থগিত করিয়ে পৌরবাসীকে নতুন নেতৃত্ব থেকে বঞ্চিত করলেন।’