দশম জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার নির্দেশনা চেয়ে রিট আবেদনের ওপর ১০ অক্টোবর শুনানি হতে পারে। গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ ইউনুস আলী আকন্দ ৩ অক্টোবর রিটটি করেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, আবেদনটি উপস্থাপন করা হলে আদালত আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।
রিটে দুই মেয়াদে (দশম ও একাদশ) জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়কের অধীনে করার নির্দেশ কেন দেওয়া হবে না—এ মর্মে রুল চাওয়া হয়েছে। আবেদনে জানা যায়, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংযোজন করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে ২০১১ সালের ১০ মে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই দিন রায়ের সংক্ষিপ্ত আদেশে বলা হয়, রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা এবং ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আগামী দুটি (দশম ও একাদশ) জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে।